শ্রীলঙ্কার বিনা উইকেটে ২৩১ রান বিশ্বকাপে কোনো উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ২২১, পাকিস্তানের বিপক্ষে, ১৯৯২ বিশ্বকাপে। উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশানের ২৩১ রান বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি, সেরা ২৮২ রানও এই দুজনের। ওয়ানডেতে অষ্টম বৃহত্তম উদ্বোধনী জুটি এটি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো জুটিতেই এটি সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৯৮৭ বিশ্বকাপে রমিজ রাজা ও সেলিম মালিকের দ্বিতীয় উইকেটে ১৬৭ রান। এই বিশ্বকাপে দ্বিতীয় বারের মতো দ্বিশত রানের জুটি গড়লেন উপুল থারাঙ্গা ও দিলশান। বিশ্বকাপে দুবার দ্বিশত রানের পার্টনারশিপ গড়া একমাত্র জুটি তাঁরা। শ্রীলঙ্কার দুই ওপেনার দিলশান ও থারাঙ্গার সেঞ্চুরি বিশ্বকাপে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি করার মাত্র দ্বিতীয় উদাহরণ। দুটিই করেছেন এই দুজন। সব ওয়ানডে মিলিয়ে ২৩ বার হয়েছে এমন ঘটনা। এ নিয়ে ছয়টি দ্বিশত রানের জুটির অংশীদার হলেন উপুল থারাঙ্গা। এখন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান এই ব্যাটসম্যান। সর্বোচ্চ সাতটি দ্বিশত রানের জুটিতে আছে রিকি পন্টিংয়ের নাম। বিশ্বকাপে এই প্রথম ১০ উইকেটে হারল ইংল্যান্ড। শ্রীলঙ্কার জয়টি তাদের বিশ্বকাপে দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চম ১০ উইকেটের জয়। ইংল্যান্ডের দ্বাদশ ও সব মিলিয়ে ১১৪তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন হাজার রান পূর্ণ করলেন ইয়ান বেল। জয়াসুরিয়াকে ধরে ফেললেন মুরালিধরন। বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি ৩৮টি ম্যাচ খেলেছেন এই দুজন।