তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডও তিনবার ফাইনাল খেলেছে। সর্বোচ্চ ছয়বার ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। এই নিয়ে বিশ্বকাপে ছয়টি সেমিফাইনালেই হারল নিউজিল্যান্ড। পরশুর ম্যাচটি নিয়ে বিশ্বকাপে ৩১টি ম্যাচ জিতল শ্রীলঙ্কা। বিশ্বকাপে তাদের জয়-পরাজয় এখন সমান সমান। এই বিশ্বকাপের আগে ২৫টি জয়ের বিপরীতে ৩০টি পরাজয় ছিল শ্রীলঙ্কার। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৪৬৭) এখন তিলকরত্নে দিলশানের। ৩/৩৫, বিশ্বকাপে অজন্তা মেন্ডিসের সেরা বোলিং। আগের সেরা ২৪ রানে ২ উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে এই বিশ্বকাপে। বিশ্বকাপে শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ (৩৯টি) খেলার রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। ছাড়িয়েছেন সনাৎ জয়াসুরিয়ার ৩৮ ম্যাচের রেকর্ড। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি রান (৩৫২) এখন স্কট স্টাইরিসের। পরশু ৫৭ রান করে শচীন টেন্ডুলকারের ৩০১ রানকে ছাড়িয়েছেন তিনি। এই নিয়ে ওয়ানডেতে ১৯ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন কুমার সাঙ্গাকারা। ১৮ বার শ্রীলঙ্কার পক্ষে এবং একবার এশিয়া একাদশের পক্ষে।