ম্যাচের ৬৭৬ রান বিশ্বকাপে দুই দল মিলিয়ে সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৬৭১। ইংল্যান্ডের ৩৩৮/৮ বিশ্বকাপে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার ৩১৩/৭, জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপে। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ চারটি ইনিংসের তিনটিই ইংল্যান্ডের। বিশ্বকাপে ও ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ৩৩৪/৪, লর্ডসে ১৯৭৫ বিশ্বকাপে। স্ট্রাউসের ১৫৮ রান ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ইনিংস, আগের সর্বোচ্চ ১৫২, বাংলাদেশের বিপক্ষে এজবাস্টনে ২০১০ সালে। এটি বিশ্বকাপে ও ভারতের বিপক্ষে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসও। দুই ক্ষেত্রেই স্ট্রাউস ভেঙেছেন ডেনিস অ্যামিসের ১৯৭৫ বিশ্বকাপে করা ১৩৭ রানের রেকর্ড। স্ট্রাউসের ১৫৮ দ্বিতীয় ইনিংসে বিশ্বকাপে সর্বোচ্চ, ওয়ানডেতে ষষ্ঠ ও ইংল্যান্ডের সেরা। বেঙ্গালুরুর সর্বোচ্চ ইনিংসটিও এখন স্ট্রাউসের। তিনি ভেঙেছেন ২০০৭ সালে আফ্রিকা একাদশের হয়ে শন পোলকের করা ১৩০ রানের রেকর্ডটি। ষষ্ঠ ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান পেরোলেন স্ট্রাউস। ওয়ানডেতে চার হাজার রান করা ব্যাটসম্যানের সংখ্যা এখন ৭৭। স্ট্রাউস ও ইয়ান বেলের ১৭০ রানের জুটি বিশ্বকাপে তৃতীয় উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ১৯৯৬ বিশ্বকাপে পেশোয়ারে হল্যান্ডের বিপক্ষে গ্রায়েম হিক ও গ্রাহাম থর্পের ১৪৩ রান।