বাংলাদেশের ৫৮ রান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো দলের সর্বনিম্ন। আগের সর্বনিম্ন স্কটল্যান্ডের ৬৮, ১৯৯৯ বিশ্বকাপে। বাংলাদেশের চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে ছুঁয়েছেন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার বাংলাদেশি রেকর্ড। মোট পাঁচবার ঘটেছে এই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের ২২৬ বল হাতে রেখে জয়টি বিশ্বকাপের অষ্টম বৃহত্তম জয়। সবচেয়ে বড় জয়টি ২৭৭ বল বাকি থাকতে, ১৯৭৯ বিশ্বকাপে কানাডাকে হারিয়েছিল ইংল্যান্ড। এটি বাংলাদেশের মাটিতে বৃহত্তম জয়। বিশ্বকাপে এই নিয়ে পাঁচবার ৯ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। তাদের ১০ উইকেটের জয় দুটি এসেছে জিম্বাবুয়ে (১৯৮৩) ও পাকিস্তানের (১৯৯২) বিপক্ষে। পরে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বৃহত্তম জয়। একমাত্র ১০ উইকেটের জয়টি ২০০৬ সালে জয়পুরে চ্যাম্পিয়নস ট্রাফতে। ৪/১৮, সুলিমান বেনের সেরা বোলিং। আগের সেরা ৪/৩৮, শ্রীলঙ্কার বিপক্ষে এ বছরের ৬ ফেব্রুয়ারি। ওয়ানডেতে ২২তম ক্রিকেটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক ছুঁলেন ক্রিস গেইল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স, ব্রায়ান লারা ও চন্দরপল ওয়ানডেতে ৮০০০ রান করেছেন। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথে সবচেয়ে বেশি রান এখন গেইলের। পরশু করা ৩৭ রানসহ বাংলাদেশের বিপক্ষে তাঁর রান এখন ৩৮০। ওয়ানডেতে এ নিয়ে টানা দুবার ম্যান অব দ্য ম্যাচ হলেন কেমার রোচ।গ্রন্থনায়: মোহাম্মদ সোলায়মান