যত সমস্যা বর্ষা মৌসুমে
একসময় নালা (ড্রেন) দিয়ে পানি যাওয়ার পথ ছিল সুগম। কিন্তু এখন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা নালাগুলোতে ময়লা-আবর্জনা ফেলার কারণে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ ধরনের অভিযোগের কথা শুনিয়ে পীরমহল্লা এলাকার মোহাম্মদ সোহেল বলেন, ময়লা ফেলে ড্রেনগুলো এমনভাবেই ভরাট করা হয়েছে যে তাতে বোঝার উপায় নেই সেখানে কখনো ড্রেন ছিল।এলাকাবাসীর অভিযোগ, ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার পানি-নিষ্কাশনব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাই বর্ষাকালে বৃষ্টির মৌসুমে একটু বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। ড্রেনের ময়লা-আবর্জনা, পয়োনিষ্কাশনের পানি ও বৃষ্টির পানি এক হয়ে আটকে গিয়ে দীর্ঘ সময়ের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়। আবদ্ধ পানি থেকে দুর্গন্ধ ছড়ায়। লোকজনকে পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রতিকার চেয়েও এলাকাবাসী সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সুফল পাচ্ছে না। হাওয়াপাড়া এলাকার ব্যবসায়ী মহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তাসহ এলাকাটি পানিতে তলিয়ে যায়। ময়লা পানি ও বৃষ্টির পানি একাকার হয়ে দীর্ঘ সময় ধরে জমে থাকায় দুর্গন্ধ ছড়ায়। এ সময় দুর্গন্ধে বাড়িতে টিকে থাকাটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই জনসাধারণের ভোগান্তির দিকে খেয়াল রেখে নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা উচিত। বাগবাড়ী এলাকার বাসিন্দা ময়না মিয়া জানান, বৃষ্টি হলেই নগরের বিভিন্ন রাস্তায় পানি জমে। এ সময় ময়লা-আবর্জনায় ভরাট হওয়া ড্রেনগুলোর অপরিষ্কার পানি ও ময়লা রাস্তায় উঠে যায়। ফলে পথ চলতে নানা ধারনের সমস্যা হয়।সিলেট পরিবেশ আন্দোলনের সদস্যসচিব আবদুল করিম বলেন, শুধু মূল সড়কের পার্শ্ববর্তী নালা-নর্দমাগুলো পরিষ্কার করলেই হবে না, পাড়া-মহল্লার নর্দমাগুলোর দিকেও নজর দিতে হবে। এ ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করতে পারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। টাকার সংকট থাকলে প্রয়োজনে প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে। তবেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।