যত হরতাল, সরকার তত কঠোর: বনমন্ত্রী
বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা যত হরতাল দেবেন, সরকার তত কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে আপনাদের সব শীর্ষস্থানীয় নেতাকে জেলে পাঠানো হবে।’আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে খদ্দরবাজার শপিং কমপ্লেক্সের নিচে কৃষক লীগের হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান বনমন্ত্রী। তিনি বলেন, ‘দয়া করে সাধারণ মানুষকে জিম্মি না করে আলোচনায় আসুন। না হয় মানুষ আপনাদের চিরতরে প্রত্যাখ্যান করবে।’ হেফাজতের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘মাহমুদুর রহমানের মুক্তির দাবি করে তাঁর সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অভিযোগটি সত্য প্রমাণ করেছেন। আপনাদের মধ্যে জামায়াত-বিএনপির অনুপ্রবেশ ঘটেছে। তারা আপনাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’