বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী
যতই বিভ্রান্তি ছড়াক যুদ্ধাপরাধীদের বিচার হবেই
যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করুক, বিভ্রান্ত হবেন না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে, তাদের ষড়যন্ত্র থাকবেই। তারা নানাভাবে সরকারকে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে; যাতে বিচার বিলম্বিত হয়, বিচার না হয়। তাই দেশবাসীকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা মনে করে, কোনোমতে সরকারকে দুর্বল ও কালিমা লেপন করতে পারলে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে। তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, অনেকে ভোল পাল্টে দলে আসবে। অপরাধ করে অপবাদ দেবে। কাদের নেবেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।শেখ হাসিনা অভিযোগ করেন, ‘অনেক পত্রিকায় দেখি, আমাদের একটা কিছু হলেই বড় করে সংবাদ ছাপে। একই ঘটনা ছাত্রদল-যুবদল করলে পেছনের পাতায় দেওয়া হয়।’ তিনি নাম উল্লেখ না করে বলেন, ‘একটি পত্রিকায় একই রকম সংবাদ একটি প্রথম পাতায়, অন্যটি ভেতরের পাতায় দেওয়া হয়েছে। এটা কোন খেলা? কাদের মদদ দেওয়া? যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এই খেলা।’শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ১৯৭২ সালে অধ্যাদেশ জারি হয় এবং ’৭৩ সাল থেকে বিচার শুরু হয়। পরে জিয়াউর রহমান বিচার বন্ধ করে দেন। পাকিস্তানের পাসপোর্টধারী গোলাম আযমকে সে দেশ থেকে ফিরিয়ে আনেন। শাহ আজিজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লবিং করার জন্য জাতিসংঘে গিয়েছিলেন। স্বাধীনতার পর বন্দী ছিলেন। জিয়া তাঁকে মুক্ত করে প্রধানমন্ত্রী বানিয়েছেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বক্তৃতায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহত্তর জামায়াতে ইসলামীর মহিলা দলের আমির বলে মন্তব্য করেন।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিরোধী দল আন্দোলন করছে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য। তবে খালেদা জিয়া তা করতে পারবেন না।সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব বড়ুয়া, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, বিএমএর সভাপতি মাহমুদ হাসান, ফজিলাতুন্নেছা ইন্দিরা, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। সভা পরিচালনা করেন নূহ উল আলম লেনিন ও অসীম কুমার উকিল।