যত্নে থাকুক কর্মজীবী মায়ের শিশুরা
সকাল আটটার মধ্যেই ঘরের সব কাজ গুছিয়ে ফেলেন আসমুন নাহার। এরপর তিন বছর বয়সী মেয়ে নওশীনকে নিয়ে বেরিয়ে পড়েন। সকাল নয়টায় তাঁর ক্লাস। তার আগেই নওশীনকে দিবাযত্ন কেন্দ্রে পৌঁছে দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আসমুন নাহার বললেন, ‘ছোট্ট মেয়েকে একা একা বাসায় রেখে আসতে চিন্তা হয়। তাই খুব কাছেই আইইআরের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ছায়ানীড় দিবাযত্ন কেন্দ্রে রেখে যাই ওকে। এখানে তাকে রেখে নিশ্চিন্ত মনে ক্লাস করতে পারি। ক্লাসের ফাঁকে ফাঁকে বাচ্চাকে দেখে আসি।’ একই কেন্দ্রে বাচ্চা রাখেন লায়লা নূর ইসলাম। তিনি কাজ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে।নগরের অনেক কর্মজীবী কিংবা শিক্ষার্থী মায়ের বাচ্চাদের লালন-পালনের দায়িত্ব নির্দিষ্ট ফির বিনিময়ে নিচ্ছে দিবাযত্ন কেন্দ্রগুলো। যৌথ পরিবারগুলো ভেঙে গিয়ে তৈরি হয়েছে ছোট পরিবার। তাই দিবাযত্ন কেন্দ্রগুলোর প্রসার ঘটছে, যাতে কর্মজীবী মায়েরা যেন কিছুটা নির্বিঘ্ন মনে কাজ করতে পারেন। এমনটাই বললেন গুলশান-২ নম্বরে অবস্থিত ‘লিপিটিট ডে-কেয়ার সেন্টারের পরিচালক আমিনা ইয়াসমিন। তিনি বলেন, কর্মসুবাদে বাংলাদেশে আসা ভারতীয়, ফিলিপিনো, পাকিস্তানিদের বাচ্চারাও আছে এখানে।আড়াই বছর বয়সী শিশু ডিলার এখানে আছে দুই বছর ধরে। ডিলারের মা ফিলিপাইনের নাগরিক কার্লিন নয়েল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। কার্লিন বলেন, ‘আমি ডিলারকে একদম সময় দিতে পারি না। কিন্তু ডিলারকে এখানে রেখে কাজ করতে স্বস্তিবোধ করি।’দিবাযত্ন কেন্দ্রগুলো বাচ্চাগুলোকে কেবল একটা ঘরে আটকে রেখে দিয়েই কিন্তু দায়িত্ব শেষ করে না। বরং শিশুর সামাজিক বিকাশে বিভিন্ন ধাপের ওপর নজর রাখতে হবে। সঙ্গে সঙ্গে স্কুলে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে বর্ণ, ছড়া, গান ইত্যাদি শিখিয়ে থাকে। এমনটাই জানালেন লালমাটিয়ার ব্লক-ই-তে অবস্থিত দিবাযত্ন কেন্দ্র অ্যাঞ্জেল কেয়ারের পরিচালিকা রোখসানা রহমান। রোখসানা রহমান বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত “ফুলটাইম” ধরা হয়। এ ছাড়া দিন হিসাবে, আবার ঘণ্টা হিসাবেও আমরা বাচ্চাদের দেখভাল করে থাকি। আবার মা-বাবা চাইলে এখানেই গান, নাচ আর ছবি আঁকা শেখার ব্যবস্থা আছে। তবে এ জন্য আলাদা ফি প্রযোজ্য।’কর্মজীবী মায়েদের বাচ্চাকে মায়ের কাছাকাছি রাখতে সরকারি-বেসরকারি অফিসের ভেতরই গড়ে উঠেছে দিবাযত্ন কেন্দ্র। এতে মা চাইলেই বাচ্চাকে সময় দিতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের দিবাযত্ন কেন্দ্রের পরিচালিকা জিনাত তাসনিম বলেন, ‘আমরা কেবল এখানকার কর্মজীবী মায়েদের চার মাস থেকে চার বছরের বাচ্চা রেখে থাকি। একদম ছোট বাচ্চার ক্ষেত্রে মা ২০ মিনিট করে দিনে তিনবার আর দুই বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে একবার দেখতে আসতে পারেন।’সরকারি পর্যায়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নগরে রয়েছে ১৩টি দিবাযত্ন কেন্দ্র। এর মধ্যে সাতটি নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের বাচ্চাদের জন্য। বাকি ছয়টি মধ্যবিত্ত কর্মজীবী মায়েদের বাচ্চাদের জন্য। আজিমপুর সরকারি কলোনির একই ভবনে রয়েছে এই দুই ধরনের দুটি দিবাযত্ন কেন্দ্র।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী জানালেন, নগরে আরও ১০টি দিবাযত্ন কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলছে। কর্মস্থলেই যেন দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা যায়, সে লক্ষ্যেও কাজ চলছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানীড় দিবাযত্ন কেন্দ্রের প্রধান শিক্ষক লুৎফন্নাহার হোসেন জানালেন, বিশ্ববিদ্যালয়ের নারী-শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষকদের বাচ্চাসহ বাইরের বাচ্চা রাখারও ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তদের বাচ্চার জন্য মাসিক ৬০০ টাকা আর বাইরের বাচ্চার জন্য এক হাজার টাকা নেওয়া হয়।অভিজাত এলাকার বেসরকারি দিবাযত্ন কেন্দ্রের খরচটা স্বভাবত একটু বেশি। ভর্তি হতে প্রতিষ্ঠানভেদে লাগে চার থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া প্রতি মাসে পূর্ণ বেলার জন্য (সকাল আটটা থেকে বিকেল পাঁচটা) সাড়ে পাঁচ হাজার টাকা আর স্বল্প সময়ের জন্য (সকাল আটটা থেকে দুপুর একটা) চার হাজার টাকা লাগে। এ ছাড়া এক দিন হিসাবে খরচ ২০০ থেকে ৫০০ টাকা। আবার ঘণ্টা হিসাবেও খরচটা ৭৫ থেকে ২০০ টাকা হয়ে থাকে।সরকারি দিবাযত্ন কেন্দ্রের ভর্তি ফি সবার জন্য ২৫০ টাকা। বেতন নিম্নবিত্ত মায়েদের শিশুর জন্য মাসে ৩০ টাকা। আর মধ্যবিত্ত কর্মজীবী মায়ের বাচ্চার জন্য প্রতিমাসে ৩০০ টাকা।নগরে গড়ে ওঠা দিবাযত্ন কেন্দ্রগুলো সম্পর্কে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বর্ধন ও পরিচর্যা বিভাগের প্রধান মোরশেদা বেগম বলেন, কিছুটা পাশ্চাত্যের আদলেই আমাদের দেশে দিবাযত্ন কেন্দ্রের যাত্রা শুরু হয়। তবে বর্তমানে কর্মজীবী নারীদের সুবিধার জন্য নগরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবাটি। তবে প্রতিটি দিবাযত্ন কেন্দ্রে প্রশিক্ষিত ব্যক্তি দিয়ে বাচ্চাদের তত্ত্বাবধান করতে হবে। এক থেকে পাঁচ বছর এই সময়টা হলো বাচ্চার বোঝা ও শেখার সময়। আর এই পরিবেশটা হতে হবে পারিবারিক।