যত্রতত্র বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজিক্যাল ল্যাবরেটরিগুলোর বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান নেই। পৌরসভার পক্ষ থেকে নেই কোনো ডাস্টবিন। এমনকি বেসরকারি এসব প্রতিষ্ঠান নিজ উদ্যোগেও ময়লা ফেলার কোনো স্থান নির্ধারণ করেনি। ফলে প্রতিষ্ঠানগুলোর বর্জ্য যেখানে-সেখানে ফেলা হচ্ছে। পরিবেশ হচ্ছে বিপন্ন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্লিনিক ও হাসপাতালের আশপাশেই এসব বর্জ্য ফেলা হয়। শহরের ধাপে অবস্থিত ডা. আমান উল্লাহ ডায়াগনোস্টিক সেন্টারের পাশের নর্দমায়, মেডিকেলের মোড়, মডার্ন ক্লিনিক ভবনসংলগ্ন এলাকা, আইডিয়াল ক্লিনিকের সামনে, ডক্টর্স কমিউনিটি হাসপাতালের সামনের নর্দমায় এবং জনসেবা ক্লিনিকের সামনের নর্দমায় ফেলা হচ্ছে ক্লিনিক ও ল্যাবগুলোর গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ ইত্যাদি।এ প্রসঙ্গে আইডিয়াল ক্লিনিকের নির্বাহী পরিচালক আ ফ ম হোসনে রব্বানী বলেন, এসব বর্জ্য পুড়িয়ে ফেলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের একটি স্থান ও মেশিন দেওয়ার কথা থাকলেও তা আর হয়নি। ফলে যেখানে-সেখানেই ক্লিনিকের ময়লা ও আবর্জনা ফেলা হয়। গুড হেলথ ক্লিনিকের চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান জানান, বর্জ্য পদার্থ ধ্বংস করার এ যন্ত্রটি ব্যয়বহুল।মেডিকেল মোড়ে অবস্থিত সেন্ট্রাল ক্লিনিক, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও অ্যানেক্স ডায়াগনস্টিক সেন্টারের ময়লাও ফেলা হয় এই মোড়ে। সেন্ট্রাল ক্লিনিকের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, ‘আর কোথাও ময়লা ফেলার জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানে ফেলি। পৌর কর্তৃপক্ষ এগুলো পরিষ্কার করে ফেলার কথা। ওরা মাঝেমধ্যে দেরি করে।’