যত্রতত্র যাত্রী ওঠে-নামে তবু ‘সিটিং সার্ভিস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরযান আইনে ‘সিটিং সার্ভিস’, ‘লোকাল সিটিং’, ‘গেটলক’—এ ধরনের কোনো বাসসেবার উল্লেখ নেই। এমন নাম নিয়ে চলাচল করা মিনিবাসগুলোর বেশির ভাগেই যত্রতত্র যাত্রীও ওঠানো-নামানো হয়। তার পরও এসব মিনিবাসের মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। কোনো কোনো মিনিবাসে গন্তব্যভেদে ভাড়া বাড়ানো হয়েছে ১০০ শতাংশ পর্যন্ত।মিরপুর-গুলিস্তান, গাবতলী-যাত্রাবাড়ী, মিরপুর-আজিমপুর, মোহাম্মদপুর-শনির আখড়াসহ বিভিন্ন পথে চলছে মালিকদের চাপিয়ে দেওয়া এই সিটিং সার্ভিস, লোকাল সিটিং ও গেটলক মিনিবাস।মিরপুর থেকে চয়েজ, সিল্কসিটি, বিকল্প অটো, ইটিসি, ইউনাইটেড, শিখড়, শিকড়সহ বিভিন্ন কোম্পানির মিনিবাস সিটিং সার্ভিস হিসেবে চলাচল করতে দেখা গেছে। মোহাম্মদপুর থেকে শনির আখড়া পথে চলাচলকারী লোকাল মিনিবাসগুলো আর্ক পরিবহন নাম নিয়ে হঠাৎ করে সিটিং সার্ভিস হয়ে গেছে। তেমনি লোকাল সিটিং হয়ে গেছে যাত্রাবাড়ী-গাবতলী পথে চলা মিনিবাসগুলো।মোটরযান আইনে দুই ধরনের বাসের কথা বলা হয়েছে। একটি ৫২ আসনের বাস, অন্যটি ২৯ আসনের মিনিবাস। কিন্তু মালিকেরা এ আইনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো মিনিবাসকে কখনো ‘লোকাল’, আবার কখনো ‘সিটিং সার্ভিস’ বানিয়ে ফেলছেন।গতকাল বুধবার দুপুরে শেওড়াপাড়ায় বাসের জন্য অপেক্ষায় থাকা এরশাদুল বারী বলেন, ‘কয়েক দিন আগেও গুলিস্তানগামী চয়েজ পরিবহন লোকাল হিসেবে চলত। শেওড়াপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া নেওয়া হতো পাঁচ টাকা। কিন্তু এখন সিটিং সার্ভিস নাম করে ১৩ টাকা আদায় করা হচ্ছে। এটা ডাকাতি ছাড়া আর কিছুই না।’শিখড় পরিবহনে শেওড়াপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত ২০ টাকা আদায় করা হচ্ছে। ওই পরিবহনের একটি মিনিবাসের চালকের সহযোগী মো. ফারুক বলেন, ‘সিটিং সার্ভিস বলে ভাড়া বেশি। মিরপুর-১০ থেকে গুলিস্তান পর্যন্ত যে ভাড়া, শেওড়াপাড়া থেকে ফার্মগেটও একই ভাড়া।’ সিটিং সার্ভিস হলে পথে পথে যাত্রী তোলেন কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফাঁকা থাকলে ওঠাই।’ইউনাইটেড পরিবহনেও শেওড়াপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত ১৩ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, শিখর, ইউনাইটেড, চয়েজ, সেফটিসহ মিরপুর ১২ নম্বর থেকে ছেড়ে আসা সব মিনিবাসেই মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, থেকে যাত্রী ওঠানো হচ্ছে।ইউনাইটেড পরিবহনের এক শ্রমিক বলেন, মিরপুর থেকে ওঠা প্রায় সব যাত্রীই ফার্মগেট ও শাহবাগে নেমে যায়। অল্প কিছু যাত্রী গুলিস্তান যায়। আসন ফাঁকা হলে তা পথে পূরণ করা হয়।শ্রমিকেরা জানান, গুলিস্তান বা ফার্মগেট থেকে শেওড়াপাড়া বা তালতলার যাত্রী উঠলেও তাঁরা মিরপুর-১২ নম্বরের ভাড়া নেন। এমন যাত্রী নামলে ওই আসনে তাঁরা যাত্রী ওঠান। এভাবে তাঁরা বেশি আয় করেন।গত রোববার বাসমালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি সংবাদ সম্মেলন করে বলেছিল, সোমবার থেকে কোনো বাস-মিনিবাস ‘সিটিং সার্ভিস’ হিসেবে চলবে না। সরকারি ভাড়া অনুযায়ী নির্ধারিত স্টপেজ থেকে যাত্রী বহন করবে। কিন্তু এই সিদ্ধান্ত গতকাল পর্যন্ত কার্যকর হয়নি।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা বলেন, মিনিবাসগুলো সিটিং সার্ভিস নাম দেওয়ার পর স্বল্প দূরত্বে শতভাগ বা তারও বেশি ভাড়া আদায় করছে। বিআরটিএর হিসাব অনুযায়ী, শেওড়াপাড়া থেকে ফার্মগেটের দূরত্ব ৪ দশমিক ৬ কিলোমিটার। মিনিবাসে ভাড়া হওয়ার কথা ছয় টাকা ৬৭ পয়সা। কিন্তু নেওয়া হচ্ছে ১৩ টাকা।মিনিবাসগুলোর হঠাৎ ‘সিটিং’ হওয়ার কারণে বাড়তি ভাড়া গোনার পাশাপাশি সময়মতো বাসে উঠতে না পারার ভোড়ান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে অফিসগামী ও বিকেলে অফিসফেরত মানুষের স্রোত শুরু হলে যাত্রার শুরুতেই সব আসন পূর্ণ হয়ে যায়। তখন মাঝপথের যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসে উঠতে পারেন না।গতকাল বিকেলে অফিস ছুটি হলে শাহবাগ, কারওয়ান বাজার, মালিবাগ ও মৌচাকে যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।