যত্রতত্র ‘ক্লিনিক্যাল’ বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে একদিকে যেমন আবাসনের প্রাবল্যে বাড়ছে বর্জ্যের ভাড়, অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলোর যত্রতত্র বর্জ্য ফেলার কারণে নগরের জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও সিটি করপোরেশনের কর্মকর্তারা বিষয়টি স্বীকার করলে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।হাসপাতালের নিকটস্থ বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা জানান, বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনের জমানো ক্লিনিক্যাল বর্জ্য নির্দিষ্ট কোনো স্থানে না ফেলে এসব প্রতিষ্ঠানের নিকটস্থ নালা-নর্দমায় ফেলার কারণে রাস্তায় চলাচলের সময় দুর্গন্ধের শিকার হতে হয়। আবার অনেক সময় রাস্তায় পড়ে থাকা অপরিত্যক্ত স্যালাইনের সুইচ পায়ে পর্যন্ত ফুটছে। ফলে হাসপাতালগুলোর অপসারিত না হওয়া বর্জ্যের সমস্যায় নাগরিকদের নাকাল হতে হচ্ছে।বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ব্যস্ততম সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক ও অলিগলির আশপাশে স্তূপাকারে হাসপাতালের বর্জ্য ফেলে রাখা হয়েছে। আবার কোথাও কোথাও সিটি করপোরেশনের নির্ধারিত ডাস্টবিন উপচে হাসপাতালের বর্জ্য বেরিয়ে এসে রাস্তায় পড়ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।তাঁতীপাড়া এলাকার বাসিন্দা সুহেল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের বিষাক্ত বর্জ্য যত্রতত্র ফেলার কারণে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য বিশাল হুমকি হয়ে দেখা দিয়েছে। বর্জ্যগুলো যদি পরিকল্পনামাফিক বিজ্ঞানসম্মতভাবে অপসারণ করা না যায়, তাহলে কয়েক বছরের মধ্যে নগরে ভয়াবহ পরিবেশদূষণের ঘটনা ঘটবে। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা সূত্রে জানা যায়, নগরের বর্জ্যগুলো দক্ষিণ সুরমার বর্জ্যভাগাড়ে জমা করা হয়। ভাগাড়ের এসব ময়লা-আবর্জনা অত্যাধুনিক প্রযুক্তিতে সংরক্ষণ করতে শিগগিরই বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। ইতিমধ্যে স্থানীয় সরকারের সঙ্গে একটি চুক্তিপত্রও সম্পন্ন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ক্লিনিক্যাল বর্জ্যগুলোও বিজ্ঞানসম্মতভাবে বিনষ্ট করা সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সরদার শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিলেট নগরে পরিবেশদূষণের প্রধান কারণ বর্জ্য ব্যবস্থাপনায় নানা অসংগতি। এর মধ্যে ক্লিনিক্যাল বর্জ্য নিয়ে খোদ বর্জ্য অপসারণকারী কর্তৃপক্ষ বিপাকে রয়েছে। শুধু আইন প্রয়োগ করে নয়, এ জন্য ক্লিনিকের মালিকদের সচেতনতা প্রয়োজন।’ক্লিনিক্যাল বর্জ্যসহ নগরের যাবতীয় বর্জ্য অপসারণে সুষ্ঠু ব্যবস্থানা প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা-সমর্থিত সংগঠন ‘নাগরিক মৈত্রী’। সংগঠনের আহ্বায়ক সমরবিজয় সী শেখর জানান, গত ৩১ মার্চ নগরিক সভায় বর্জ্য অপসারণ বিষয়ে নাগরিক সচেতনতা কর্মসূচি পালনের পাশাপাশি ক্লিনিক্যাল বর্জ্য নিয়ে গরুত্বসহকারে ভাবনার অবকাশ থেকে এ রকম ভাবনা সাধারণ নাগরিকদের মধ্যে রয়েছে।সিলেট নগরের যত্রতত্র ক্লিনিক্যাল বর্জ্য ফেলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। তিনি গত জানুয়ারি মাসে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘ক্লিনিক্যাল বর্জ্য পরিকল্পিতভাবে না ফেলায় একদিকে যেমন পরিবেশ অস্বাস্থ্যকর হচ্ছে, তেমনি অন্যদিকে রোগজীবাণুও ছড়াচ্ছে। তবে আশার কথা হচ্ছে, আমরা ক্লিনিক্যাল বর্জ্য বিনষ্ট করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছি। কারণ এসব ক্লিনিক্যাল বর্জ্য স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’