যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উত্সাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত শনিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। শান্তির ধর্ম ইসলামের প্রচারক, নবীকুলের শিরোমণি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত উপলক্ষে প্রতি হিজরি সালের ১২ রবিউল আউয়াল দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদ্যাপন করেন।প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল কোরআনখানি, ওয়াজ মাহফিল, আলোচনা সভা, সেমিনার, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালিভোজ, বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা ও আনন্দমিছিল। এ ছাড়া দিবসটি উপলক্ষে কয়েক দিনব্যাপী অনুষ্ঠানমালাও পালন করছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।পবিত্র এই দিনে রাজধানীর প্রধান সড়কগুলো কালিমা তাইয়িবা লেখা পতাকা দিয়ে সাজানো হয়। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হয় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিশেষ মিছিল। শিশু-কিশোর, তরুণ, বৃদ্ধ—সব বয়সী মানুষ বিপুল উত্সাহ নিয়ে এসব মিছিলে অংশ নেন।বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করে। পত্রপত্রিকায় ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাত্পর্য তুলে ধরে নানা নিবন্ধ প্রকাশিত হয়। এ ছাড়া দেশের সব হাসপাতাল, কারাগার, শিশুসদন ও দুস্থ কল্যাণকেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া বাংলাদেশের উদ্যোগে পল্টন ময়দানে সমাবেশ ও বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা (আনন্দমিছিল) বের করা হয়। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে চিকিত্সা-কার্যক্রমও পরিচালনা করা হয়।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে শনিবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া জানান, এখন থেকে প্রতিবছর রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠান আয়োজন করা হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের পূর্ব চত্বরে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা চলছে। শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।ঢাকা মহানগর আওয়ামী লীগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে। তোপখানা রোডে জাতীয় পার্টির কার্যালয়ে একই দিন বাদ মাগরিব দলের পক্ষ থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের উদ্যোগে শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি শিক্ষাবিদেরা অংশ নেন। মতিঝিলে দেওয়ানবাগ শরিফে দিনব্যাপী আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল মিলাদ, হামদ, নাতে রাসুল (সা.) ও মোনাজাত।আশেকানে মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দানে ভক্তদের সম্মেলন, আলোচনা সভা, ওয়াজ মাহফিল, আনন্দমিছিল ও মোনাজাত করা হয়। মহাখালীর গাউছুল আজম মসজিদে তিন দিনব্যাপী মাহফিল হচ্ছে।