যথাযথ ধারায়মামলা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, নির্বাহী পরিচালক, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনআমাদের দেশে নারীদের সুরক্ষার জন্য অনেক আইন আছে সত্য, কিন্তু বিচারব্যবস্থার ত্রুটির কারণে নারী প্রতিকার যথাযথ পাচ্ছেন না। যেমন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা আছে, ১২০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। কিন্তু এ বিধানের প্রয়োগ হচ্ছে না। মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকছে। আবার এ আইনের অনেক অপব্যবহারও হচ্ছে। মিথ্যা মামলা হচ্ছে। এ জন্য আমাদের থানা-পুলিশব্যবস্থা ও তদন্তব্যবস্থার ত্রুটিই দায়ী। দেখা যায়, একজন নির্যাতনের শিকার নারী হয়তো এজাহার করার জন্য থানায় গেলেন। কিন্তু থানায় যাওয়ার পর এজাহার রুজু করার পর পুলিশ অনেক সময় এ বিষয়ে গাফিলতি করে। দেখা গেল, দণ্ডবিধি আইনে মামলাটি চললেও ওই আইনে না দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি লিপিবদ্ধ করা হলো। বিষয়টি হয়তো নির্যাতিনের শিকার নারী নিজেই জানতে পারলেন না। এ ক্ষেত্রে কী করে মামলাটি এগোবে? তদন্ত কর্মকর্তার গাফিলতি ও দুর্নীতির কারণে এসব মামলায় নারীরাই ভোগান্তির শিকার হচ্ছেন। অধিকাংশ মামলায় প্রকৃত আসামি খালাস পেয়ে যাচ্ছে। জামিনে বেরিয়ে পড়ছে। কোনো মামলায় দেখা গেল, সামান্য কারণে একজন নারী নির্যাতনের শিকার হলেন পরিবারের লোকজন দ্বারা। দণ্ডবিধির ৩২৪ কিংবা ৩২৫ ধারামতে মামলা করলেই এর প্রতিকার পাওয়া যেত। কিন্তু এফআইআরের সময় পুলিশই গাফিলতি করে যৌতুকের জন্য নির্যাতন করা হয়েছে বলে লিখে ফেলল এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটির অভিযোগপত্র দাখিল করল। এতে করে ওই নারী নিজেই জানলেন না তাঁর অজান্তে মিথ্যা মামলা হয়ে গেছে। নারী নির্যাতনের মামলাগুলোর অপব্যবহার হওয়ার কারণ যথাযথ ধারায় মামলা হচ্ছে না বলেই এমন হচ্ছে। কোনো মামলায় বিচারের আগে কিংবা অভিযোগ গঠনের সময় যদি বিচারক দেখতে পান মামলাটি যথাযথ ধারায় হয়নি কিংবা সঠিক তদন্ত হয়নি, তাহলে তিনি তা অধিকতর তদন্তের জন্য আদেশ দিতে পারেন। কিন্তু নারী নির্যাতনের মামলাগুলোতে বিচারকেরা তা করতে চান না। আদালতের একটি মনোভাবই থাকে যে মামলাটি মিথ্যা রুজু করা হয়েছে। এর ফলে প্রকৃত নির্যাতনে শিকার ব্যক্তিরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। নারী নির্যাতনের মামলাগুলোর ক্ষেত্রে একটি পৃথক তদারকি সেল গঠন করা যেতে পারে।ধর্ষণ-সংক্রান্ত মামলার বিচারের ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের বিধান আছে প্রচলিত আইনে। কিন্তু এর প্রয়োগ নেই। সরকারি আইনজীবীরা এ বিষয়ে একটু নীরবই থাকেন। একজন সাধারণ নারীর পক্ষে সম্ভব হয়ে ওঠে না ক্যামেরা ট্রায়ালের আবেদন করা। সে হয়তো বোঝেনই না বিষয়গুলো। বিচারকেরাও এ বিষয়ে উদাসীন থাকেন। গোপনে এ ধরনের বিচার না হলে সাক্ষী-পর্যায়ে নানা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন ওই নারী। সমাজেও তিনি হেয় প্রতিপন্ন হন। আদালতের পরিবেশ নারীবান্ধব না করতে পারলে নির্যাতিত নারীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতেই থাকবেন। আমাদের বিচারব্যবস্থার ত্রুটি, প্রসিকিউশন-ব্যবস্থার ত্রুটি—এসব দূর করতে সচেষ্ট হতে হবে। অনেক সময় যৌতুকের মামলায়, ধর্ষণের মামলায় পরিবারের চাপে আপসরফা হয়ে যায়। নির্যাতনের শিকার নারী না চাইলেও তাঁকে বাধ্য করানো হয়। মামলা বিচারাধীন অবস্থায় এসব মামলা আপসযোগ্য নয়। তবু সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকেরা এ বিষয়ে উদার হয়ে পড়েন, যা কাম্য নয়।