এ+ পাওয়ার জন্য কম্পিউটার শিক্ষা বিষয়ে ভালো নম্বর পেতে সৃজনশীল, বহুনির্বচনী ও ব্যবহারিক অংশ সমান গুরুত্ব দিতে হবে। সৃজনশীল ছয়টি প্রশ্ন থেকে যে চারটি সবচেয়ে বেশি ভালো পারবে, সেগুলোর উত্তর দেবে। সব প্রশ্নের উত্তর দেবে। কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না। প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ ও নির্ভুল হতে হবে। নমুনা হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো:শিক্ষক কম্পিউটার ক্লাসে সাকিবকে তার রোল জিজ্ঞেস করলে উত্তর দিল ‘২৫’। তখন কম্পিউটার স্যার তাকে বললেন, ‘আজ আমি গণিতের কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।’ বাইনারি, দশমিক, অকটাল ও হেক্সাডেসিমেল সম্পর্কে বিস্তারিত ধারণা দিলেন তিনি। শিক্ষার্থীরা মনোযোগ-সহকারে শিক্ষকের ক্লাস করল।ক. সংখ্যাপদ্ধতি কী? খ. সংখ্যাপদ্ধতির বেস বর্ণনা করো। গ. সাকিবের রোল দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। ঘ. উপর্যুক্ত বাইনারি মানের সঙ্গে ১ যোগ করে যোগফলকে অকটাল সমতুল্য মানে বের করো। ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে (ক) নম্বর প্রশ্নের উত্তর হবে জ্ঞানমূলক। এর উত্তর ধারণা ও তথ্য থেকে লিখতে হবে এবং উত্তরটি বেশির ভাগ ক্ষেত্রে এককথায় ও যথাযথ হতে হবে। (খ) নম্বর অনুধাবনমূলক হওয়ায় ধারণা ও তথ্যের ব্যাখ্যা দিতে হবে। প্রতিটি সংখ্যাপদ্ধতির বেস লিখতে হবে এবং বর্ণনা দিতে হবে। (গ) নম্বর প্রয়োগমূূলক প্রশ্ন হওয়ায় তথ্য অনুধাবন করে প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে ২৫ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় অঙ্ক করে বেসসহ উত্তর লিখতে হবে। (ঘ) নম্বর উচ্চতর দক্ষতার জন্য ওপরের প্রশ্নের ধারাবাহিকতার কারণে গ নম্বর উত্তরের সঙ্গে বাইনারি সংখ্যা যোগ করতে হবে। তারপর ওই বাইনারি সংখ্যাকে অকটাল সংখ্যায় রূপান্তরের মাধ্যমে মান বের করতে হবে। এভাবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। বিভিন্ন ধরনের গেটসম্পর্কিত প্রশ্ন থাকলে পেনসিল দিয়ে গেটের প্রতীক এঁকে সত্যক সারণিসহ ব্যাখ্যা করতে হবে। পার্থক্য থাকলে অবশ্যই ছকের আকারে উপস্থাপন করবে এবং প্রয়োজনে উদাহরণ দেবে। চিত্রসংবলিত প্রশ্ন, যেমন: কম্পিউটার সংগঠনজাতীয় প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজনীয় চিত্র অবশ্যই দেবে এবং চিত্রটি দিয়ে কী বোঝানো হচ্ছে, তা উল্লেখ করতে হবে। ব্যবহারিক প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর ব্যবহারিকের মতো পয়েন্ট করে লিখবে এবং প্রয়োজনে চিত্র বা ডায়ালগ বক্স অঙ্কন করবে। অর্থাৎ, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ওপর ভিত্তি করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। বহুনির্বচনী প্রশ্নে সর্বোচ্চ নম্বরের জন্য পাঠ্যবইয়ের খুঁটিনাটি খুব ভালো করে পড়তে হবে। বহুনির্বচনীর জন্য পাঠ্যবইয়ের বিকল্প নেই। প্রতিটি অধ্যায় থেকে বহুনির্বচনী প্রশ্ন থাকবে।ব্যবহারিক অংশে অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডেটাবেজ ও ভিজুয়াল বেসিক কম্পিউটার ল্যাবে পরীক্ষকের নির্দেশমতো ধারাবাহিকভাবে অধিক সতর্কতার সঙ্গে খাতায় লিখতে হবে। উত্তরের সঙ্গে সম্পর্কযুক্ত চিত্র বা ডায়ালগ বক্স অঙ্কন করবে।