যথাযথভাবে করণীয় কাজ পালন করুন: সরকারকে পাকিস্তানের সেনাপ্রধান
দুর্নীতি ও বন্যাসহ বিভিন্ন জনসংশ্লিষ্ট সমস্যা সমাধানে করণীয় কাজ যথাযথভাবে পালন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি। গত সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি এক জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। সে সভায় তিনি এ আহ্বান জানান। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন।সেনাপ্রধান দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবাজদের শাস্তি, ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সচেষ্ট হতে পাকিস্তানের নেতাদের প্রতি জোর দাবি জানান।এদিকে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ বলেছেন, পাকিস্তান আরও একটি সেনা অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে রয়েছে। গতকাল বুধবার লন্ডনে এক বিতর্ক অনুষ্ঠানে মোশাররফ এ মন্তব্য করেন। পারভেজ মোশাররফ আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে দেশের জঙ্গি ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এড়াতে সাংবিধানিক দায়িত্ব দেওয়া উচিত। মোশাররফ বলেন, সেনাবাহিনীকে সাংবিধানিকভাবে দেশ পরিচালনার অংশ করে ফেললে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা চিরতরে দূর হবে।জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান থাকাকালে ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সরকারকে উত্খাত করে পাকিস্তানের শাসনক্ষমতা গ্রহণ করেন। তিনি ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের একচ্ছত্র অধিপতি হিসেবে দেশ পরিচালনা করেন। কিছুদিন আগে পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকের একটি আলোকচিত্রের কথা উল্লেখ করে জেনারেল পারভেজ মোশাররফ বলেন, ‘বৈঠকের ছবিটি ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান আবহাওয়া নিয়ে গল্প করতে বসেননি। তাঁদের মুখমণ্ডল দেখেই বোঝা যাবে, তাঁরা কোনো ব্যাপার নিয়ে অসম্ভব চিন্তিত।’ আজ থেকে ১২ বছর আগে সেনাপ্রধান থাকাকালে তাঁকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে এমনি এক বৈঠকে বসতে হয়েছিল বলে বর্ণনা করেন মোশাররফ। তিনি বলেন, ‘এ ধরনের বৈঠকে সব চাপ থাকে সেনাপ্রধানের ওপর। আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, এ মুহূর্তে সেনাপ্রধান কায়ানি বেশ চাপে রয়েছেন।’পারভেজ মোশাররফ পাকিস্তানে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করলেও, তাঁর রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়া জেনারেল আশফাক কায়ানি ইতিমধ্যেই রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রেখে ও নির্বাচিত সরকারের প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রকাশ করে প্রশংসিত হয়েছেন। তিনি তাঁর মনোযোগের প্রায় পুরোটাই নিবদ্ধ করেছেন তালেবান ও ইসলামি জঙ্গি দমনে। অনেক বিশ্লেষকই কায়ানিকে রাজনীতিবিমুখ একজন পেশাদার সেনাপ্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। পিটিআই, আইএএনএস