যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মে দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ উদযাপিত হচ্ছে মহান মে দিবস। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকার আর শ্রমিকদের ওপর শোষণ-বঞ্চনার অবসান ঘটানোর প্রত্যয়ই আজকের দিনের অনুষ্ঠানগুলোর মূল অনুষঙ্গ। মে দিবস উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।গার্মেন্টস কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, শ্রমিকদের জন্য আবাসন ও রেশন-ব্যবস্থা চালুকরণ, নারীশ্রমিকদের মাতৃত্বকালীন সব সুবিধা প্রদানের দাবিতে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রমিক ছাঁটাই, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে।শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আট হাজার টাকা বাস্তবায়ন, রেশনিং ও শ্রমিকদের মানোন্নয়নের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।এ ছাড়া মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সাঈদুল হকের নেতৃত্বে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।