যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদ্যাপিত
সারা বিশ্বের মতো বাংলাদেশেও গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় শুভ বড়দিন উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।শুভেচ্ছা বিনিময়কালে বঙ্গভবনে আর্চবিশপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ভ্যাটিকান সিটি, ফ্রান্স, রাশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।এ সময় রাষ্ট্রপতি দেশবাসীর উদ্দেশে বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এ দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করেন।এ উপলক্ষে বঙ্গভবনে একটি সুসজ্জিত ক্রিসমাস ট্রি স্থাপন করা হয় এবং খ্রিষ্টান সম্প্রদায়ের তরুণ শিল্পীরা ক্রিসমাস ক্যারল পরিবেশন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বড়দিনের একটি বিরাট কেক কাটেন। সান্তা ক্লজ ঘুরে ঘুরে শিশুদের মধ্যে চকলেট বিলি করেন। অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী এম শাজাহান মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।গত পরশু থেকেই সারা বিশ্বের মতো ঢাকাসহ দেশের গির্জায় গির্জায় আলোকসজ্জা করা হয়েছিল, সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রি। গতকাল সকালে সবচেয়ে বর্ণাঢ্য প্রার্থনা সভা হয় রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায়। ক্রিসমাস ট্রি, রঙিন বল, জরি ও আলোয় সাজানো হয় যিশুর জন্মঘর। প্রার্থনাসভায় সবাই একত্র হয়ে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় ঈশ্বর ও যিশুকে স্মরণ করেন।বড়দিন উপলক্ষে বাড়িতে বাড়িতে ছিল প্রীতিভোজ, বিশেষ কেক ও পিঠা তৈরির আয়োজন। রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউসে কেক কেটে সবার মঙ্গল কামনা করে এবং দেশের সমৃদ্ধিতে অবদান রাখার প্রতিশ্রুতি জানিয়ে বড়দিনের প্রার্থনা সম্পন্ন করা হয়।গির্জা ছাড়াও খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকের বাড়িতেই তৈরি করা হয় গোশালা। যে পরিবেশে যিশুর জন্ম হয়েছিল, সেই পরিবেশ তৈরির চেষ্টা করা হয় এই গোশালায়। দিনটিতে রাজধানীর পাঁচতারকা হোটেলগুলো ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়। শিশুদের জন্য সান্তা ক্লজ সেখানে চকলেট ও নানা উপহারের ঝাঁপি সাজিয়ে অপেক্ষা করেন দিনভর।