যথেষ্ট হয়েছে, নারী নির্যাতন আর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথেষ্ট হয়েছে, নারী নির্যাতন আর নয়। এখনই করতে হবে প্রতিবাদ। করতে হবে প্রতিরোধ।গতকাল বৃহস্পতিবার সারা দেশে সর্বস্তরের নারী-পুরুষ এ আওয়াজ তুলে এক মানববন্ধনে যোগ দেন। সারা বিশ্বেই পালিত হয়েছে এ কর্মসূচি। ‘ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর)’ বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক বিশ্বব্যাপী ঘোষিত এক প্রতিশ্রুতির প্রতি সংহতি জানিয়ে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে হাজারো নারী-পুরুষ বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত দুপুরের খাবার বিরতিতে ঘর বা কাজের জায়গার বাইরে বেরিয়ে আসেন। রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়ে দাবি তোলেন, নারীর প্রতি সহিংসতা আর নয়। তাঁরা জানিয়ে দেন, নারীকে নির্যাতনের শিকার হতে দেখলে আর মুখ বুজে থাকা হবে না। নারী নিজেও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবেন।নারীর নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলো সক্রিয় ভূমিকা রাখবে বলেও মানববন্ধনে আশাবাদ ব্যক্ত করা হয়। গত বছরের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক এ বৈশ্বিক প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বাংলাদেশে প্রায় ২০০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিওসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। দেশে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, বিশ্বের প্রতি তিনজন নারীর মধ্যে একজন তাঁর জীবনকালে ধর্ষণ বা শারীরিক নির্যাতনের শিকার হন। এ ধরনের পরিস্থিতিকে ‘গৃহযুদ্ধ’ আখ্যা দেওয়া হয়েছে। বিদ্রোহের রং লাল বলে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ বোঝাতে লাল রংকে বেছে নিয়েছেন এ আন্দোলনের উদ্যোক্তারা। এ কারণে মানববন্ধনে অংশগ্রহণকারী অনেক নারী-পুরুষের পোশাকে ছিল লালের ছোঁয়া। বুকে ছিল লাল ফিতার ব্যাজ।সাংসদদের অংশগ্রহণ: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে ‘নারীর প্রতি সহিংসতা আর না, আর না, মুখ বুজে সহ্য করা—আর না, আর না’ ইত্যাদি স্লোগান দেন অংশগ্রহণকারীরা। সংসদ সচিবালয়ের সচিব মাহ্্ফুজুর রহমান বলেন, ‘এ ধরনের কর্মসূচি পালনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা অনেকাংশে কমবে।’মানববন্ধনে সাংসদ বেবী মওদুদ, শাহীন মনোয়ারা হক, শাহিদা তারেখ, ফজিলাতুন নেসা, রওশন জাহান, তহুরা আলী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, স্পিকার আবদুল হামিদের একান্ত সচিব জয়নাল আবেদীন প্রমুখ অংশ নেন।বিভিন্ন সংগঠনের কর্মসূচি: বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, ব্লাস্টের পরিচালক সারা হোসেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মমতাজউদ্দীন প্রমুখ।কর্মজীবী নারী ঢাকা এবং ঢাকার বাইরে মানববন্ধনের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মজীবী নারীর সঙ্গে অংশ নেয় কারিতাস, রামরু, বাংলাদেশ মহিলা পরিষদ, স্বাস্থ্যসেবা কর্মী সংঘ, রূপায়ণসহ আরও সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গুলশানে সংগঠনের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহ্মাদ, এডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী প্রমুখ যোগ দেন। অ্যাকশন এইড গুলশানে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। এ আয়োজনের শেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ঘোষণাপত্র পড়ে শোনান প্রতিষ্ঠানটির বাংলাদেশ পরিচালক ফারাহ কবির। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীসহ অন্যরা আইডিবি ভবনের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন।সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি: ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক প্রতিশ্রুতির প্রতি সংহতি প্রকাশ করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। শিক্ষায়তনটির শিক্ষক-শিক্ষার্থী এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে নির্ধারিত সময়ে রাজধানীর হাটখোলা-টিকাটুলী সড়কে মানববন্ধন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান ও নিবন্ধক ফিরদৌস আলী।জাতিসংঘের সংস্থা: রাজধানীর আইডিবি ভবনের সামনে বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রতিনিধিরা একত্র হন। তাঁরা নারী নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। আইডিবি ভবনে বিভিন্ন সংস্থার কর্মীরা একটি নাটক পরিবেশন করেন। আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্থার আরকেন প্রমুখ।গতকাল প্রথম আলো পরিবারও এ আন্দোলনে সংহতি প্রকাশ করে কারওয়ান বাজারে কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এ সময় একই জায়গায় কেয়ার বাংলাদেশের কর্মীরাও মানববন্ধন করেন।