‘কেমন কেমন করে আমার ইংরেজি জন্ম তারিখটাই (২০ জুন) মনে থাকে অনেকের। সেই কবে কলকাতার প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজ নিয়েছিলাম। সেই থেকে ইংরেজি জন্ম তারিখের হিসাবটাই গুনে আসছি। কিন্তু বাংলা মাসের হিসাব অনুযায়ী আমার জন্ম ১০ আষাঢ়। আমার নিজের কিন্তু বাংলা তারিখটাই বেশি আপন মনে হয়। ওই দিনটায় নিজের অজান্তেই একা একা মনে পড়ে যায়—আজ আমার জন্মদিন।’কথাগুলো বলেছিলেন সুফিয়া কামাল। তারিখটা ছিল ১৯ জুন ১৯৯৯। ওই বছরের ২০ জুন তাঁর ৮৮তম জন্মবার্ষিকীতে প্রথম আলোয় তা প্রকাশিত হয়েছিল। সেই বছরই ২০ নভেম্বর মারা যান তিনি।আজ সর্বজনশ্রদ্ধেয় কবি সুফিয়া কামালের জন্মশত বার্ষিকী। আমার পরম সৌভাগ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ‘সুফিয়া কামাল কী ভাবছেন’ তা জানতে এবং কবির জন্মদিন উপলক্ষে ফিচার লেখার জন্য প্রতিবছর ২০ জুনে কবির সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল। পত্রিকার পুরোনো ফাইল ঘেঁটে সেই সাক্ষাৎকারগুলো থেকে কবি এবং নারী আন্দোলনের পথিকৃৎ এই মানুষটির কয়েকটি উক্তি পড়লেই বোঝা যায়, তিনি আসলে ছিলেন বাংলাদেশের বিবেক।মৃত্যুর আগে ১৯৯৯ সালে শেষ জন্মদিনে প্রথম আলোয় তাঁর উক্তিতে ছাপা হয়েছিল: ‘পত্রিকা পড়ে জানতে পারলাম ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদল থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের জায়গায় মহাশ্বেতা দেবীর নাম দেওয়া হয়েছিল। মহাশ্বেতা দেবী তা প্রত্যাখ্যান করে বলেছেন, একজন লেখকের অপমান মানে সব লেখকের অপমান। পড়ে মনটায় বড় শক্তি পেলাম। আসলে কবি-সাহিত্যিক, লেখক-শিল্পীদের একতা কিন্তু সমাজের অনেক অশুভ শক্তিকে পরাজিত করতে পারে।’৮৭তম জন্মবার্ষিকীতে তাঁর অনুভূতি জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন, ‘এ দেশের সাধারণ মানুষ কি কোনো দিনই শান্তি পাবে না? যে জাতি ভাষার লড়াই, স্বাধীনতার লড়াইয়ের জন্য পৃথিবীতে মাথা উঁচু করে গর্ব করে, সে জাতির জীবনে কেন প্রতি মুহূর্তে দুর্ভাবনার ঘটনা?...মাঝে মাঝে আমার মনে হয়, এত মানুষ আমায় ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু আমি কি এগুলোর যোগ্য? নাকি গোটা জীবনটাই ঠকিয়ে গেলাম সবাইকে?’ (২০ জুন ১৯৯৮, ভোরের কাগজ)সুফিয়া কামাল যে বছর ৮৭ বছরে পা দিলেন, তিনি ছিলেন সিলেটে। মেয়ে সুলতানা কামালের কাছে। চিকিৎসকের পরামর্শে বিশ্রাম, জায়গা বদল, বেড়ানো—সব মিলিয়েই ঢাকা ত্যাগ। আগের দিন কথা হয়েছিল টেলিফোনে। বলেছিলেন, ‘বড় কষ্ট হয়, রোজ সকালে পত্রিকা খুলেই হত্যা, ধর্ষণ, মেয়েদের মুখে এসিড নিক্ষেপ এই সমস্ত খবর পড়ি। আর এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারার শারীরিক অক্ষমতায় বড়ই মুষড়ে পড়ি। আমার আবার জন্মদিন! ৮৬টা বছর পার করে দিলাম। এখনো দেখতে পেলাম না এ দেশের সাধারণ মানুষের মনে শান্তি এসেছে, এ দেশের মেয়েরা মানুষের মর্যাদা পেয়েছে।’ (২০ জুন ১৯৯৭, ভোরের কাগজ)কী আশ্চর্য! সমাজের সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে যিনি ছিলেন বরাবর সোচ্চার, সকালবেলা নিজের হাতে কেটে-বেছে সন্তানদের প্রিয় খাবার রান্না করে, বাড়ির আদরের বিড়ালের যত্ন নিয়ে যিনি রাজপথে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, যাঁকে কেন্দ্র করে এ দেশের মেয়েদের অধিকার আদায়ের সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের যিনি ছিলেন ভরসা, সেই মানুষটিই ৮৬ বছর বয়সেও বাইরে বেরিয়ে কিছু করতে না পারার আত্মগ্লানিতে ভুগেছেন। মৃত্যুর আগে টানা কয়েক বছর যখনই তাঁর জন্মদিনের অনুভূতি জানতে চাইতাম, তখনই দেখেছি তাঁর ভাবনায় শুধু মানুষ, সমাজ আর দেশ।৮৫ বছর পূর্ণ হলো যেদিন তাঁর, শুরু হলো ৮৬ বছরের পথচলা। সেই জন্মদিনেও তাঁর একই অনুভূতি। একই চাওয়া। ‘দেশে যেন শান্তি আসে। সাধারণ মানুষের যেন আর দুর্ভোগ পোহাতে না হয়।’ (২০ জুন ১৯৯৬, ভোরের কাগজ)মৃত্যুর মাত্র কয়েক মাস আগে আধুনিকমনস্ক মানুষটির কাছে জানতে চেয়েছিলাম, নারায়ণগঞ্জের পতিতাপল্লি নিয়ে যে উত্তেজনাকর ঘটনাগুলো ঘটছে, সেটা সুফিয়া কামাল কোন দৃষ্টিতে দেখছেন? তাঁর স্পষ্ট জবাব ছিল, ‘এটা উচ্ছেদ, পুনর্বাসন নয়’; বলেছিলেন, ‘সারাটা জীবন মেয়েদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকলাম। অথচ এখন দেখছি, যে ভুলগুলো জীবনের শুরুতেই কাজের মধ্য দিয়ে জেনেছিলাম, আজ এত বছর পর সেই ভুল পথেই যেন আমরা হাঁটছি। ভাসা ভাসা ধারণা নিয়ে, মূল সমস্যা অনুধাবন না করে, উপরে উপরে “দরদ” দেখিয়ে পতিতা পুনর্বাসন হয় না।’ (৫ আগস্ট ১৯৯৯, প্রথম আলো)আজ থেকে এক শ বছর আগে (২০ জুন ১৯১১) বরিশালের শায়েস্তাগঞ্জের নবাববাড়িতে যে ছোট্ট ফুটফুটে সুফিয়ার জন্ম হয়েছিল, তাঁর জন্মদিন এলে বাড়িতে মিলাদ হতো। ছোটদের ক্ষীর বা বাতাসা বিলানো হতো। সেই আষাঢ়ে পূর্ণিমায় জন্ম নেওয়া মেয়েটিই একদিন হলেন সর্বজনশ্রদ্ধেয় কবি সুফিয়া কামাল।আজ তাঁর ১০০তম জন্মবার্ষিকী। তিনি নেই। কিন্তু বেঁচে থাকলে এতক্ষণে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের ‘সাঁঝের মায়া’ বাড়ির লাল বারান্দায় নামত ভালোবাসার ঢল। ফুলে ফুলে ভরে যেত। সাক্ষী হয়ে থাকত বেতের আসবাব আর বইয়ের তাকগুলো। আর যদি তাঁকে জিজ্ঞেস করতাম—কেমন লাগছে? নিশ্চয়ই সাদা শাড়ি পরা ছোট্ট দেহের মানুষটি নিজের কথা বলতেন না। তিনি যে সারা জীবন চেনা মানুষের জন্য ভেবেছেন, অচেনা মানুষের জন্য কেঁদেছেন। তাই তো মৃত্যুর আগে হাসপাতালে যে নার্স তাঁর যত্ন নিচ্ছিলেন, তাঁর শেষ কথা ছিল সেই নার্স তুলসীকে নিয়েই। খুব কষ্ট হচ্ছিল। ওঠ-বস করছিলেন বারবার। কথা বলতে পারছিলেন না। এর মধ্যেই সুফিয়া কামালের শেষ কথা, ‘তুলসী খেয়েছে?’ এই তো ছিলেন আমাদের ভালোবাসার খালাম্মা, কবি সুফিয়া কামাল।