যন্ত্রণাদায়ক হরতাল বন্ধ করুন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম হরতালের কর্মসূচি বন্ধ করার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা বিভাগ আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বর্তমান রাজনীতিতে ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান নাসিম। খবর বাসসের। মোহাম্মদ নাসিম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘অযথা একের পর এক হরতাল দিয়ে দেশের জনগণকে কষ্ট দিচ্ছেন। একই ইস্যুতে হরতাল দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও জনগণের ক্ষতি করছেন।’ এভাবে দিনের পর দিন জোর করে হরতাল দিয়ে খালেদা জিয়া নিজের ও দলের ক্ষতি করছেন বলেও উল্লেখ করেন নাসিম। আওয়ামী লীগের এই নেতা হরতালের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘হরতালে আপনারা সাহস করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখুন, গাড়ি বের করুন, স্বাভাবিক চলাফেরা করুন। আমরা আপনাদের পাশে আছি। আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে থাকবে।’বিএনপির রাজনীতির ভাষা হচ্ছে সন্ত্রাসীর ভাষা, উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘যত ভয়ই দেখান, যত কথাই বলুন, নির্বাচন জানুয়ারিতে সঠিক সময়েই হবে। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে হবে না।’ সংগঠনের সভাপতি ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, নাট্যব্যক্তিত্ব ইনামুল হক প্রমুখ।