যন্ত্রণার আরেক নাম হিউম্যান হলার
কয়েক বছর আগেও বিভিন্ন পথে হিউম্যান হলারের ভাড়া ছিল পাঁচ থেকে ১০ টাকা। কিন্তু গত দুই বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ।রাজধানী ঢাকার রাস্তার আরেক যন্ত্রণার নাম হিউম্যান হলার বা লেগুনা। বেশির ভাগ ক্ষেত্রে যেসব পথে সরাসরি বাস নেই, এমন স্থানগুলোতে এই যানের চলাচল বাড়ছে। পিলখানার বিডিআর গেট, চকবাজার, গুলিস্তানসহ আরও বেশ কয়েকটি স্থান থেকে নিউমার্কেট পর্যন্ত বিভিন্ন লেগুনায় করে মানুষ চলাচল করছে। এ ছাড়া নিউমার্কেট, মোহাম্মদপুর জিগাতলা, মিরপুর, গুলশান, বনানী, মহাখালী, গাবতলী প্রভৃতি এলাকার মানুষ ফার্মগেট এলাকায় যাওয়া-আসা করতে এসব লেগুনা বা হিউম্যান হলার ব্যবহার করে। নিউমার্কেট, হাজারীবাগ, চকবাজার, লালবাগ থেকে গুলিস্তানেও চলছে লেগুনা। আবার যাত্রাবাড়ী থেকে পোস্তগলা, ডেমরা, শ্যামপুরসহ বেশ কয়েকটি এলাকায় যেতেও এই যানের সাহায্য নেয় সাধারণ মানুষ। মিরপুর থেকে মহাখালী, সদরঘাট থেকে পোস্তগোলাসহ ঢাকার আরও বেশ কয়েকটি স্থানে যাতায়াত করতে এই যান ব্যবহূত হয়ে আসছে।যাত্রীদের কাছে নানা অভিযোগও পাওয়া গেল। মিরপুর থেকে মহাখালী পথে নিয়মিত যাতায়াতকারী ফারজানা আক্তার জানান, লেগুনাগুলোর আসন অনেক ছোট, তাই অল্প জায়গার মধ্যে নারী-পুরুষ গাদাগাদি করে বসতে হয়।সরেজমিনে দেখা গেছে, লেগুনার ভেতরে ঠাসাঠাসি করে বসিয়ে যাত্রী নেওয়া হচ্ছে। চালকের পাশের সিটে একজন বসার জায়গা থাকলেও চাপাচাপি করে সেখানে দুজনকে বসানো হচ্ছে। চালক মফিজুল মিয়া বলেন, ‘এভাবে বসানোর নিয়ম আগে থেকেই চলে আসছে। আমরা নিজেরা এই নিয়ম করি নাই।’বিভিন্ন লেগুনাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই যানগুলো তাঁরা এর মালিকের কাছ থেকে শতকরা ২৫ থেকে ৩৫ শতাংশ কমিশনে নিয়ে থাকেন, যা রোজগার হয় তা থেকে এই টাকা মালিককে নিয়মিত বুঝিয়ে দেন।লক্কড়ঝক্কড় যান: বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, লেগুনা বা হিউম্যান হলারগুলোর বেহাল অবস্থা। বেশির ভাগ যানের সামনের ডানে-বাঁয়ের কাচ ভাঙা। আসনগুলো থেকে গদি ক্ষয় হয়েছে। কোনো কোনো যানের আসন ক্ষয়ে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে এসেছে। এককথায় বলা যায় লক্কড়ঝক্কড় যান। গুলিস্তান থেকে নিউমার্কেট এলাকায় যাতায়াতকারী একটি লেগুনার চালক মোস্তফা শেখ বলেন, ‘পাবলিক যানবাহন লক্কড়ঝক্কড় তো হইবই। সারাক্ষণই মানুষ উঠে-নামে, বিরামহীন চলে বলেই এগুলোর এমন দশা।’ভাড়া বেড়েছে সেবা বাড়েনি: বিভিন্ন এলাকায় লেগুনায় যাতায়াতকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেগুনাগুলোর মান উন্নত হয়নি। তার পরও ভাড়া বেড়েছে দফায় দফায়। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগেও বিভিন্ন পথে এসব যানের ভাড়া ছিল পাঁচ থেকে ১০ টাকা। কিন্তু গত দুই বছরে ভাড়া বেড়েছে দ্বিগুণ। যাত্রীরা অভিযোগ করেন, গ্যাসের মূল্যবৃদ্ধি, যন্ত্রের দাম চড়া—এমন দোহাই দিয়ে লেগুনার ভাড়া বাড়ালেও বাড়েনি সেবা। আসন বড় হয়নি। লেগুনাগুলো লক্কড়ঝক্কড় ও জোড়াতালি দেওয়া। বিভিন্ন সময় এসব লেগুনায় দাঁড়িয়ে যাত্রী তোলা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।তবে এমন অভিযোগ অস্বীকার করেন চালকেরা। নিউমার্কেট থেকে গুলিস্তান পথে চলাচলকারী চালক আবদুল মতিন জানান, আগে ব্যাটারির দাম ছিল তিন হাজার টাকা, যা এখন প্রায় ছয় হাজার টাকা। বিভিন্ন যন্ত্রাংশের দাম আগের থেকে প্রায় দ্বিগুণ বেড়েছে। তাই ভাড়া কিছুটা বেড়েছে।