যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা তৈরির প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রপাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট ও ভিসা তৈরির প্রকল্প ব্যয় বাড়ানো হলো দ্বিগুণ, আর সময় বাড়ানো হলো তিন গুণ। পাসপোর্টও পাওয়া যাবে আগের প্রস্তাবের তুলনায় এক-তৃতীয়াংশ।গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ‘ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ’ নামের এই প্রকল্পের আওতায় মালয়েশিয়াভিত্তিক আইআরআইএস করপোরেশন বারহাড নামক এক কোম্পানিকে পাসপোর্ট বুকলেট, মেশিনারিজ, সফটওয়্যার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নূর-উর-রহমান সাংবাদিকদের জানান, প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৫২৬ কোটি ১৫ লাখ টাকা। তিন বছর মেয়াদের এই প্রকল্পে প্রতিবছর ২২ লাখ করে মোট ৬৬ লাখ পাসপোর্ট তৈরি করে দেবে কোম্পানিটি।এর আগে গত ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২৮৩ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। এক কোটি ৭৪ লাখ সাধারণ পাসপোর্ট এবং ১০ হাজার জরুরি পাসপোর্ট তৈরির সিদ্ধান্ত হয়। সে হিসাবে আগের তুলনায় প্রকল্পটিতে ব্যয় বাড়বে ২৪১ কোটি টাকা। নতুন কাজ পাওয়া বিদেশি ওই কোম্পানি কাজটি করে দেবে এক বছরের বদলে তিন বছরে। এক কোটি ৭৪ লাখের পরিবর্তে পাসপোর্ট করবে মোট ৬৬ লাখ।একনেকে অনুমোদনের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানিয়েছিলেন, পাসপোর্ট ও ভিসা প্রকল্পের কাজ শিগগির শুরু হবে। ২০১০ সাল থেকে পাসপোর্ট হাতে পাওয়া যাবে এবং প্রকল্পের আওতায় বছরে এক কোটি ৮৫ লাখ পাসপোর্ট তৈরি হওয়া সম্ভব।এরপর গত ১৯ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির ওপর অনুষ্ঠিত এক কর্মশালা শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরি করার অভিজ্ঞতা থাকায় পাসপোর্ট তৈরির প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাবে সেনাবাহিনী। এর জন্য বাজেটে ২৮৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।গত ১৫ অক্টোবর পাসপোর্ট ও ভিসা তৈরির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। এতে ৩১টি দরপত্র বিক্রি হয়। তবে দরপত্র খোলার দিন ২৭ অক্টোবর দেখা যায়, দেশি-বিদেশি মোট আটটি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।জানা গেছে, গত ২৩ নভেম্বর আইআরআইএস করপোরেশন বারহাড এবং ফ্লোরা টেলিকম লিমিটেড নামক দুটি কোম্পানিকে পাসপোর্ট তৈরির কাজ দিতে সুপারিশ করে এ বিষয়ক মূল্যায়ন কমিটি। গত ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো আরেক সুপারিশে ফ্লোরার নাম বাদ দেওয়া হয়। প্রকল্প মূল্যায়ন কমিটি সর্বশেষ প্রতিবেদন পাঠায় গত ২০ ডিসেম্বর। এতেও সুপারিশ করা হয় ওই আইআরআইএসকেই। সূত্র জানায়, তুরস্কের ই-পাসপোর্ট তৈরির কাজ যথাসময়ে শেষ করতে না পারায় ওই দেশের সরকার ২০১১ সালের অক্টোবর পর্যন্ত কোম্পানিটিকে যেকোনো ধরনের কাজের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে এক কোটি ২০ লাখের কিছু বেশি পাসপোর্টধারী রয়েছেন।আরও আটটি প্রকল্প অনুমোদন: সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও আটটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক ও রেলপথ বিভাগের আওতায় ৮৪ কোটি টাকা ব্যয়ে প্যাকেজ ডব্লিউডি-১-এ লালমনিরহাট-বুড়িমারী শাখার ৪২ দশমিক ৪৭ কিলোমিটার মেইন লাইন ও ৪ দশমিক ৫০ কিলোমিটার লুপলাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্লাটফর্ম ইত্যাদি মেরামত ও পুনর্নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ প্রকল্প। এতে পাঁচটি কোম্পানি অংশ নেয়। তবে ব্যাংক গ্যারান্টি জাল প্রমাণিত হওয়ায় প্রেমকো ওটিবিএল জয়েন্ট ভেনচার নামক কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়।অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছে সরকারি পর্যায়ে মরক্কো থেকে এক লাখ টন টিএসপি সার আমদানি; ১৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পৌরসভার পরিচালন ও দক্ষতা উন্নয়নে স্থানীয় পরামর্শক সেবা ক্রয়; ১৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সায়েদাবাদ পানি শোধনাগার পর্যায়-২ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ; একই প্রকল্পের ২ নম্বর প্লান্টের আওতায় ৮৪২ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ; পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইডিএ ঋণ চুক্তির আওতায় ৩৭ কোটি টাকা ব্যয়ে প্রথম লটে ২২ লাখ এবং দ্বিতীয় লটে ৩৩ লাখ কমপ্যাক্ট ফ্লুরসেন্ট ল্যাম্প (সিএফএল) ক্রয়; ৮৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে প্যাকেজ ডব্লিউডি-২-এর লালমনিরহাট-বুড়িমারী শাখার ৪২ দশমিক ৫০ কিলোমিটার মেইন লাইন ও ৫ দশমিক ৫০ কিলোমিটার লুপলাইন মেরামত, পুনর্বাসন ইত্যাদি কাজের ঠিকাদার নিয়োগ এবং ৮৫ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে জলাবদ্ধতা দূরীকরণ ও ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ডিজেল ইঞ্জিন এবং বৈদ্যুতিক মোটরচালিত পাম্পিং সেট বাংলাদেশ ডিজেল প্লান্টের কাছ থেকে পিপিআরের আওতায় সরাসরি পদ্ধতিতে ক্রয়।