যন্ত্রে পাঠযোগ্য এক লাখ পাসপোর্ট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য (এমআরপি) এক লাখ এক হাজার পাসপোর্ট বাতিল করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। এসব পাসপোর্ট ব্যবহার করে কেউ যাতে বিদেশে যেতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিবাসন পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে। অভিবাসন পুলিশের বিশেষ সুপার এ জেড এম নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার অধিদপ্তর থেকে অভিবাসন পুলিশের কাছে চিঠি দিয়ে একসঙ্গে ৯৪ হাজার পাসপোর্ট বাতিল করার কথা বলা হয়েছে। এর আগে দুই দফায় আরও সাত হাজারের বেশি পাসপোর্ট বাতিল করা হয়।পাসপোর্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, একসঙ্গে এত বিপুল পরিমাণ পাসপোর্ট বাতিলের ঘটনা দেশে এটাই প্রথম। বাতিল হওয়া পাসপোর্টের মধ্যে রয়েছে পাসপোর্ট অধিদপ্তর থেকে চুরি হওয়া পাসপোর্টের তালিকা। বাদবাকি পাসপোর্টগুলো ভুলের কারণে পুনর্মুদ্রণ করা হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বাতিল করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, পাসপোর্ট অধিদপ্তর থেকে দুই হাজার ২৮০টি এমআর বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো চুরি হয়েছে সন্দেহে এর একটি তালিকা অভিবাসন পুলিশের হাতে দেওয়া হয়েছে। এর আগে নানা ধরনের ভুল হওয়া পাঁচ হাজার পাসপোর্ট বাতিল করা হয়। সর্বশেষ শুক্রবার ৯৪ হাজার পাসপোর্টের তালিকা পাঠানো হয়েছে। ভুলের কারণে ছাপা হওয়ার পর এগুলো বাতিল করা হয়েছে। কেউ যাতে এসব পাসপোর্ট ঘষামাজা করে বিদেশ যেতে না পারে, সে কারণে এগুলো বাতিল করে তার তালিকা অভিবাসন পুলিশের কাছে দেওয়া হয়েছে। বিভিন্ন বন্দরে এসব তালিকা পাঠিয়ে দেওয়া হবে। শুধু ভুলের কারণে এত বিপুল পরিমাণ পাসপোর্ট বাতিলের দায় কার—জানতে চাইলে ‘ইন্ট্রোডিউসিং অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ’-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, বেশির ভাগ মানুষ লেখাপড়া জানেন না। তাঁরা ফরম পূরণ করেন অন্যের মাধ্যমে। এসব পাসপোর্ট ছাপানোর পর দেখা যায় তাতে ব্যক্তির নাম, ঠিকানা, জন্মতারিখ বা অন্য কিছু ভুল হয়ে গেছে। তখন বাধ্য হয়ে তার নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করতে হয়। ফলে প্রথম দফা পাসপোর্ট স্বাভাবিকভাবে বাতিল করতে হচ্ছে। এভাবে ৯৪ হাজার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট চুরির ব্যাপারে তিনি বলেন, অধিদপ্তর থেকে এমআরপি পাসপোর্টের ছাপানো কিছু বই চুরি হয়ে গেছে। সেই চুরি হওয়া বই নিয়ে পাসপোর্ট জাল করা হচ্ছে। তবে এ সংখ্যা খুব বেশি নয়। সংশ্লিষ্ট সূত্র অবশ্য জানায়, এমআরপি পাসপোর্টও এখন জাল হচ্ছে। পাশাপাশি পুলিশি প্রতিবেদন ছাড়াই অবৈধভাবে পাসপোর্ট অধিদপ্তর থেকে পাসপোর্ট ইস্যু করা হয়েছে—এমন অভিযোগও রয়েছে। তদন্ত ছাড়াই পাসপোর্ট পেয়েছেন কক্সবাজারে এমন একজন মিয়ানমারের নাগরিককে পুলিশ সম্প্রতি আটক করেছে। অভিযোগ রয়েছে, পাসপোর্ট অধিদপ্তরের সংঘবদ্ধ একটি চক্র এমআরপির বই চুরি করে সেগুলো ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরি করছে। একাধিক সূত্রও বলেছে, বাতিল করা অনেক পাসপোর্টের বিপরীতে নতুন করে পাসপোর্ট দেওয়া হলেও পুরাতন পাসপোর্টগুলো ধ্বংস করা হয়নি। অভিবাসন পুলিশের বিশেষ সুপার এ জেড এম নাসিরুল ইসলাম জানান, বাতিল হওয়া পাসপোর্টের তালিকা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে দেশের সব বন্দরে পাঠিয়ে দেওয়া হবে। এসব নম্বরযুক্ত পাসপোর্ট কারও কাছে পাওয়া গেলে তার যাত্রা স্থগিত অথবা তাকে গ্রেপ্তার করা হবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯০টি দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে ২০১১ সালের ১ এপ্রিল থেকে সব দেশকে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসার প্রচলন করার সিদ্ধান্ত হয়। সেই চুক্তির শর্তানুসারে বাংলাদেশে ২০১০ সালের ১ এপ্রিল থেকে এমআরপি পাসপোর্ট চালু হয়। এ প্রকল্পের আওতায় তিন বছরে ৬৬ লাখ পাসপোর্ট ও ১৫ লাখ ভিসা স্টিকার দেওয়া হয়েছে। তিন বছরের জন্য এ খাতে সরকারের ব্যয় হচ্ছে ৫২৬ কোটি ১৪ লাখ টাকা। এ ব্যবস্থায় এ পর্যন্ত ২৫ লাখ পাসপোর্ট বই ছাপানোর পর বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।