অনেকেই না জানার কারণে নতুন পাসপোর্ট করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু পাসপোর্ট করার নিয়মকানুন জানা থাকলে ভোগান্তির ফাঁদে আর পড়তে হবে না। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নীতিমালা অনুযায়ী, গত এপ্রিল মাস থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট—এমআরপি) ও ভিসা চালুর বাধ্যবাধকতা করা হয়েছে। আইসিএওর শর্তানুসারে, বাংলাদেশ সরকার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) চালু করেছে। ফলে এখন থেকে আর হাতে-লেখা পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তবে হাতে-লেখা যেসব পাসপোর্ট এখনো চালু আছে, তা নবায়ন করা যাবে। ২০১৫ সাল পর্যন্ত যাদের পাসপোর্টের মেয়াদ রয়েছে, তাদের এখনই এমআরপি করাতে হবে না। তবে জরুরি প্রয়োজনে হাতে-লেখা পাসপোর্ট পাওয়া যাবে।আবেদনপত্র সংগ্রহ: হাতে-লেখা পাসপোর্টের আবেদন ফরমের চেয়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের আবেদন ফরম কিছুটা ভিন্ন। ইন্টারনেট থেকে বিনা মূল্যে ফরম সংগ্রহ করা যাবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dip.gov.bd) ফরম পাওয়া যাবে। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে ১০টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিনা মূল্যে ফরম সংগ্রহ করা যাবে।পুরোনো পাসপোর্টধারী যারা: বাংলাদেশে ইন্ট্রোডিউসিং অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বলেন, যাদের কাছে পুরোনো পাসপোর্ট আছে, কিন্তু সেটির মেয়াদ এক বছরের নিচে, তাদের আমরা নতুন যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট করতে বলেছি। তবে কারও পাসপোর্টের মেয়াদ এক বছরের ওপরে হলে তা আপাতত না করলেও চলবে। এমআরপি করার সময় পুরোনো পাসপোর্টের (১-৫ পৃষ্ঠা) ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। পাসপোর্টধারীদের ক্ষেত্রে আর পুলিশের তদন্ত প্রতিবেদন লাগবে না। এটা ছাড়া নতুন পাসপোর্ট হাতে পাবেন। সময় সাধারণত ১৫ দিন চাইলেও প্রয়োজনে আপনি দ্রুতই পেতে পারেন।পাসপোর্ট পাওয়া: সাধারণ পাসপোর্ট পাওয়া যাবে ৩০ কার্যদিবসের মধ্যে। আর জরুরি পাসপোর্ট পাওয়া যাবে ১৫ দিনের মধ্যে। প্রকল্প পরিচালক জানান, পাসপোর্ট হাতে পাওয়াটা অনেকটা নির্ভর করে পুলিশ প্রতিবেদনের ওপর, তবে এ ক্ষেত্রে জরুরি পাসপোর্ট দেরি হওয়ার আশঙ্কা কম। হাতে-লেখা জরুরি পাসপোর্ট: শিক্ষার্থী, বিভিন্ন দেশে চাকরি-প্রার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনীর সদস্যদের মিশনে যোগদানসহ নানা কারণে অধিদপ্তরকে হাতে-লেখা পাসপোর্ট দিতে হচ্ছে। তবে এ ধরনের পাসপোর্ট দেওয়া হবে ৩১ মার্চ ২০১১ সাল পর্যন্ত। এরপর আর হাতে-লেখা জরুরি পাসপোর্ট দেওয়া হবে না। হাতে-লেখা পাসপোর্টের মেয়াদকাল থাকছে এক বছর, দুই বছর ও তিন বছর। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মেয়াদকালের জন্য পাসপোর্ট দেওয়া হবে।খরচাপাতি: সাধারণ মেয়াদের এমআরপি করতে লাগবে তিন হাজার টাকা। আর জরুরিটার ফি ছয় হাজার টাকা। জরুরি হাতে-লেখা পাসপোর্টের জন্য নির্ধারিত ফি হিসেবে এক বছরের জন্য গুনতে হবে এক হাজার টাকা। দুই বছরের জন্য ফি দুই হাজার টাকা এবং তিন বছর মেয়াদের জন্য লাগবে তিন হাজার টাকা।নবায়ন করতে: যাদের কাছে পুরোনো পাসপোর্ট আছে, তাদের জন্য এখন পর্যন্ত নবায়ন করার সুযোগ আছে। তবে নবায়নের সর্বোচ্চ মেয়াদকাল হবে ৩১ মার্চ ২০১১। নবায়নের জন্য পুরোনো পাসপোর্টসহ নির্ধারিত আবেদনপত্রের একটি কপি পূরণ করে জমা দিতে হবে। নবায়ন ফি ৩০০ ও ৫০০ টাকা। সাত দিনের মধ্যে পেতে চাইলে সে ক্ষেত্রে ৩০০ টাকা জমা দিতে হবে। আর যদি আপনি পাসপোর্টটি ৭২ ঘণ্টার মধ্যে হাতে পেতে চান, তবে আপনাকে জমা দিতে হবে ৫০০ টাকা।