যন্ত্রপাতির বিমা করলেও জীবনের বিমা করেননি সাভারের রানা প্লাজার পাঁচ পোশাক কারখানার মালিকেরা।কারখানাগুলোতে তিন হাজার ৪০০ শ্রমিক ছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এর মধ্যে প্রতি কারখানা থেকে ২০ জন করে মাত্র ১০০ জনের জীবনবিমা করা আছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে। বাকি শ্রমিকেরা জীবনবিমার আওতার বাইরে। তবে কারখানাগুলোর প্রায় সব যন্ত্রপাতিরই বিমা করা আছে।শ্রম আইনের ৯৯ ধারা অনুযায়ী, ২০০ জন শ্রমিক থাকলেই গ্রুপ বিমা করার কথা পোশাক কারখানাগুলোর। কিন্তু এই আইন মানছে না কেউ। বিজিএমইএ নিজেই মনে করে না যে, শ্রম আইনের এই ধারা মানতে হবে।রানা প্লাজার কারখানাগুলো হচ্ছে ইথারটেক্স, নিউ ওয়েভ বটমস, নিউ ওয়েভ স্টাইল, ফ্যানটম অ্যাপারেলস ও ফ্যানটম টেক। শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, শুধু উল্লিখিত পাঁচটিই নয়, কোনো কারখানাই সব শ্রমিকের জন্য জীবনবিমা করে না। কেবল ব্যাংকঋণ পেতে কারখানার যন্ত্রপাতির বিমা করা হয়। এই পাঁচ কারখানাও যন্ত্রপাতির বিমা করেছে।বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) সূত্রে জানা গেছে, ফ্যানটম অ্যাপারেলস ও ফ্যানটম টেকের কয়েক প্রকারের মোট ১৬ কোটি টাকার বিমা করা রয়েছে রূপালী ইনস্যুরেন্সের সঙ্গে। এগুলো হচ্ছে অগ্নিবিমা, দাঙ্গা ও ধর্মঘটজনিত ক্ষতিবিমা, বিদ্বেষপূর্ণ ক্ষতিবিমা ইত্যাদি। তবে ভবনধসের ক্ষতির জন্য কারখানাগুলোর মালিকেরা বিমার টাকা দাবি করতে পারবেন না। টাকা পাবে ইসলামী ব্যাংকের স্থানীয় কার্যালয়। এই ব্যাংক থেকে দুটি কারখানা ঋণ নিয়েছিল।যোগাযোগ করলে শ্রমসচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, ‘গ্রুপ বিমা করার ক্ষেত্রে পোশাক কারখানাগুলো শ্রম আইন মানছে না। এ জন্য দায়ী বিজিএমইএ।’বিজিএমইএ নিয়ম করেছে, সব শ্রমিকের জন্য জীবনবিমা করা না থাকলে কোনো কারখানার মালিককে রপ্তানি করতে দেওয়া হবে না। নিজের করা নিয়মের ব্যাপারে বিজিএমইএ নমনীয়, তাই কারখানার মালিকেরাও তা মেনে চলেন না বলে মনে করেন শ্রমসচিব।এর আগে অগ্নিদুর্ঘটনায় মৃত্যুজনিত ক্ষতিপূরণের জন্য তাজরীন ফ্যাশনসও ২০ জন শ্রমিকের জন্যই জীবনবিমা করিয়েছিল। অথচ ওই দুর্ঘটনায় ১১২ জনের মৃত্যু হয়।সব শ্রমিকের জন্য জীবনবিমা করলে অল্প করে হলেও প্রিমিয়ামের টাকা দিতে হয় বিমা কোম্পানিকে। এই খাতে কারখানার মালিকেরা কোনো খরচ করতে চান না। না চাওয়ার কারণ হিসেবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইনের একটি দুর্বলতা রয়েছে। ২০০ জন শ্রমিক থাকলেই গ্রুপ বিমা করতে বলা হয়েছে। কিন্তু গ্রুপ বিমা না করলে কারখানার মালিকের শাস্তি কী, তা বলা নেই। দরকার সরকারের সিদ্ধান্ত। সেটা পালন করতে বাধ্য করানোর জন্য আমরা আছি।’বিআইএর মহাসচিব মোল্লা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর অল্প প্রিমিয়াম দিয়ে সব শ্রমিকের জন্য এক লাখ টাকার জীবনবিমা পলিসি বা দুর্ঘটনাবিমা পলিসি চালুর বিধিবিধান করতে শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম। মন্ত্রণালয় তা আমলে নেয়নি।’এ ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না, জানতে চাইলে শ্রমসচিব বলেন, ‘কোনো অগ্রগতি নেই।’ তিনিও বলেন, এটি কয়েকটি মন্ত্রণালয়ের ব্যাপার। তবে শ্রম আইন সংশোধন হচ্ছে। এরই মধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সংশোধিত শ্রম আইনে ২০০ জনের পরিবর্তে ১০০ জন শ্রমিক থাকলেই গ্রুপ বিমা করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া শ্রমিকের মৃত্যু হলে বিমা কোম্পানি থেকে টাকা আদায় করে শ্রমিকের মনোনীত ব্যক্তির হাতে তুলে দিতে হবে মালিককে।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বলেন, ‘শ্রমিকের জন্য গ্রুপ বিমা করার ধারাটি পালন না করলে যদি মালিকের শাস্তির বিধান না থাকে, তাহলে আইন সংশোধন করেও কোনো লাভ হবে না।’