যমজ নবজাতকের দ্বিতীয়টিও চলে গেল
জন্মের পর পরিত্যক্ত যমজ ভাইয়ের অপরটিও মারা গেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়। এর আগে গতকাল ভোরে প্রথম শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি জড়ানো সদ্যজাত যমজ ভাইকে ফেলে রাখা হয় হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের বারান্দায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা ইউনিটে তাদের রাখা হয়। হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক শিশির রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, শিশু দুটি নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় কারণে তাদের ফুসফুস পূর্ণাঙ্গতা পায়নি। এদের ওজনও স্বাভাবিকের চেয়ে কম। জন্মের পর তারা ঠান্ডায় আক্রান্ত হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, ‘এই হাসপাতালে ওদের জন্ম হয়নি। বাইরে জন্ম নেওয়া শিশু দুটিকে কেউ সুযোগ বুঝে হাসপাতালে রেখে গেছে।’