যমুনা টিভি রিটের শুনানি শেষ, আদেশ ২০ মে
যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি গ্রহণ শেষ হয়েছে। আগামী ২০ মে এ বিষয়ের ওপর রায় দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করেন।আদালতে যমুনা টেলিভিশনের পক্ষে রফিক-উল হক, আহসানুল করিম ও খাইরুল আলম চৌধুরী এবং সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।আহসানুল করিম প্রথম আলোকে বলেন, যমুনা টেলিভিশনের করা রিটের শুনানি গ্রহণ আজ শেষ হয়েছে। আদালত ২০ মে এ রিটের রায় দেবেন।উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করে যন্ত্রপাতি জব্দ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা টিভি কর্তৃপক্ষ ওই বছরের ৫ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে ৭ ডিসেম্বর হাইকোর্ট যমুনা টিভির ফ্রিকোয়েন্সি বাতিল এবং পরীক্ষামূলক সম্প্রচার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন। আদালত এ রুলের শুনানি শেষে আগামী ২০ মে এ রিটের ওপর রায় দেবেন।