যমুনা টিভির আপিল বিষয়ে রায় ১৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর আদেশ আগামী ১৬ নভেম্বর। আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, যমুনা কর্তৃপক্ষের পক্ষে আজমালুল হোসেন কিউসি এবং বিটিআরসির পক্ষে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব মামলা পরিচালনা করেন। ২০০৯ সালের ১ নভেম্বর থেকে যমুনা টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। ওই বছর ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২০ মে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ রায় দেন। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে যমুনা টিভি কর্তৃপক্ষের পুনঃ অনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেন। এর রায়ের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষ লিভ টু আপিল করে। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।