যমুনা টিভির আপিলের অংশবিশেষ মঞ্জুর
বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের অংশবিশেষ মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আদালত বলেন, আপিলের অংশবিশেষ মঞ্জুর করা হয়েছে। আদালতে যমুনার পক্ষে আইনজীবী রফিক-উল হক, আহসানুল করিম, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বিটিআরসির পক্ষে খন্দকার রেজা-ই-রাকিব উপস্থিত ছিলেন। তবে যমুনা টিভির সম্প্রচার বন্ধ ও যন্ত্রপাতি জব্দ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের কোন অংশ মঞ্জুর হয়েছে, তা বিস্তারিত পেলে জানা যাবে বলে উভয় পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।খন্দকার রেজা-ই-রাকিব বলেন, হাইকোর্ট সম্প্রচার বন্ধের আদেশ বৈধ বলে রায় দিয়েছিলেন। ওই রায়ে আইন অনুসরণ করে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষ আপিল করে। আদালত বলেছে, আপিলের অংশবিশেষ মঞ্জুর করা হয়েছে। রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত কোন অংশের ক্ষেত্রে আপিল মঞ্জুর হয়েছে তা জানা যাচ্ছে না।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৯ সালের ১ নভেম্বর থেকে যমুনা টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। ওই বছর ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। ওই বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২০ মে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ রায় দেন। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ে যমুনা টিভি কর্তৃপক্ষের পুনঃ অনাপত্তিপত্রটি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়। এ রায়ের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষ লিভ টু আপিল করে। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। শুনানি শেষে গত বছরের ৫ অক্টোবর আদালত তা মঞ্জুর করেন। পরে যমুনা কর্তৃপক্ষ নিয়মিত আপিল করে।