যমুনা টিভির সম্প্রচারের দাবিতে সরকারের কাছে আবেদন
যমুনা টেলিভিশনের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা যত শিগগির সম্ভব, চ্যানেলটির সম্প্রচার শুরুর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, যেকোনো মুহূর্তে এই বেসরকারি চ্যানেলটির পাঁচ শতাধিক কর্মী বেকার হয়ে যেতে পারেন।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আবেদন জানান। এ সময় যমুনা টেলিভিশনের বার্তাপরিচালক শাহ আলমগীর, পরিচালক সম্প্রচার বেলাল আমান, বার্তাপ্রধান নাজমুল আশরাফ, অনুষ্ঠানপ্রধান সুপন রায় ও প্রধান বার্তাসম্পাদক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।যমুনা টেলিভিশন চালু করার দাবিতে তাঁরা আজ মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছেন।এর মধ্যে রয়েছে ১৪ জুন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১৪-১৮ জুন পেশাজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ, ১৯ জুন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ, ২০-২৪ জুন গণমাধ্যমের কর্মীসহ নানা পেশাজীবী ব্যক্তিদের বিবৃতি ও স্বাক্ষর সংগ্রহ, ২৫ জুন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, ৬ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ।