যমুনা টেলিভিশন সম্প্রচার বন্ধের আদেশ হাইকোর্টে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার পরীক্ষামূলক সম্প্রচার ও তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত তথ্য মন্ত্রণালয়ে যমুনার করা নতুন অনাপত্তি পত্রটি দ্রুত নিষ্পত্তি করতেও নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।আদালত তাঁর রায়ে বলেন, অবৈধ সম্প্রচার চালানোর জন্য গত বছর ১৯ নভেম্বর চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। যমুনা টেলিভিশন লাইসেন্স ছাড়াই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। বিটিআরসি আইনগত বাধ্যবাধকতা থেকেই তাদের তরঙ্গ বরাদ্দ এবং সম্প্রচার বাতিল করেছে। এ ধরনের সম্প্রচার বন্ধের জন্য যে ধরনের যন্ত্রপাতি জব্দ করা প্রয়োজন কমিশন তা করতে পারে। আদালত বলেন, সম্প্রচার বন্ধের ব্যাপারে বেআইনি কিছু প্রতীয়মান হয়নি। বেসরকারি পর্যায়ে টেলিভিশন চ্যানেল চালু করতে হলে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হয়। তথ্য মন্ত্রণালয় থেকে ২০০২ সালের ফেব্রুয়ারির ২ তারিখে যমুনা যে অনাপত্তি পত্র নিয়েছে, সেটি যথেষ্ট বলে মনে করা হচ্ছে। কিন্তু তার মেয়াদ ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যমুনা টেলিভিশন তাদের পরীক্ষামূলক সম্প্রচার গত ১ নভেম্বর শুরু করে। তাদের সম্প্রচার অবৈধ ছিল বলেই সরকার তথা তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির পক্ষ থেকে সম্প্রচার বন্ধ ও ফ্রিকোয়েন্সি বাতিল করা হয়। এ দুটি আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এবং লাইসেন্স প্রদানের নির্দেশনা চেয়ে যমুনা কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। রায়ে সরকার ও বিটিআরসির সম্প্রচার বন্ধের আদেশ বহাল রাখা হয়েছে।