যমুনা টেলিভিশন: আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্প্রচারে যেতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের আদেশ বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যমুনা কর্তৃপক্ষের করা লিভ টু আপিল অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছেন। পরে বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ আপিলের অনুমতি দিয়েছেন। তবে হাইকোর্টের রায় স্থগিত করেননি। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যমুনা টেলিভিশন সম্প্রচারে যেতে পারবে না। ছয় সপ্তাহের মধ্যে এ আপিলের শুনানি করতে বলা হয়েছে। ২০ মে হাইকোর্টের একটি বেঞ্চ পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ বৈধ ঘোষণা করে যমুনা টিভি কর্তৃপক্ষের রিটের রুল নিষ্পত্তি করে দেন। প্রসঙ্গত, গত বছর ১ নভেম্বর থেকে যমুনা টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। ওই বছর ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করে দেয় । এর বৈধতা চ্যালেঞ্জ করে চ্যানেল কর্তৃপক্ষ গত বছর ২২ নভেম্বর হাইকোর্টে রিট করে। রিটের প্রাথমিক শুনানির পর গত বছর ৭ ডিসেম্বর আদালত রুল জারি করেন।