যমুনা টেলিভিশনের মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন কর্মীরা
যমুনা টেলিভিশনের সম্প্রচার বিষয়ে মামলা দ্রুত সুরাহা করার দাবি জানিয়েছেন টেলিভিশনটির কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা। তাঁরা বলছেন, মামলা তাঁদের বিপক্ষে গেলে তাঁরা বিকল্প ভাবতে পারবেন। কিন্তু বর্তমানে তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন।দাবি আদায়ে কাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন যমুনা টেলিভিশনের কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও কর্মকর্তারা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারপক্ষ যমুনা টেলিভিশনের মামলাটি নিষ্পত্তি হতে দিচ্ছে না। মামলার শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা উদ্ভট ও হাস্যকর যুক্তি তুলে ধরছেন। অথচ টেলিভিশনটি বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানটির শত শত কর্মীর বেকার হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।যমুনা টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপন রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা চাই, আদালতই যমুনা টিভির সংকট নিয়ে যথাযথ আইনি সমাধান দিক। আদালতের রায় নিশ্চয়ই আমরা সবাই মেনে নেব। দেশে গণতান্ত্রিক সরকার থাকার পরও যদি ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে আমরা যাব কোথায়? সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরও যদি আমাদের টিভি চ্যানেলটি আবার চালু না হয়, তখন আমরা নিশ্চয় বিকল্প পথ খুঁজব। তবুই এই অনিশ্চয়তা থেকে মুক্তি চাই আমরা। আমরা চাই, উদ্বেগ-উত্কণ্ঠা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করতে।’সংবাদ সম্মেলনে বলা হয়, আদালতের মাধ্যমে সংকটের সমাধান হবে—এই আশায় সাত মাস ধরে অপেক্ষা করছেন যমুনা টেলিভিশনের কর্মীরা। চ্যানেল চালু হওয়ার আশায় টেলিভিশন কর্তৃপক্ষ এখনো কর্মীদের বেতন দিয়ে যাচ্ছে। মালিকপক্ষ কত দিন এটা মেনে নেবে—এ নিয়ে কর্মীদের মধ্যে সন্দেহ আছে।এক প্রশ্নের জবাবে যমুনা টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান নাজমুল আশরাফ বলেন, বিষয়টি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। তাঁদের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। এখন তাঁরা প্রধানমন্ত্রীর ডাকের অপেক্ষায়।এক প্রশ্নের জবাবে সুপন রায় বলেন, বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের জন্য একটি আইনি সুরক্ষা দরকার, যাতে টেলিভিশনের লাইসেন্সসহ নানা দিক নিয়ে আর কোনো বিতর্ক না ওঠে এবং হুট করে যেন কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া না হয়।