যমুনা টেলিভিশনের রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে
যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি না করার আরজি জানান। এ পর্যায়ে আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।যমুনা টেলিভিশনের পক্ষের কৌঁসুলি রফিক-উল হক বলেন, এভাবে চলতে থাকলে সুপ্রিম কোর্ট বিলুপ্ত হয়ে যাবে।উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিল ও পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করা কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন। এর আগে যমুনা টিভি সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে। গত বছরের ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং তার যন্ত্রপাতিও জব্দ করা হয়।