যমুনা নদী থেকে ৫ শ্রমিকের লাশ উদ্ধার
জামালপুরে গতকাল সোমবার বিকেলে কালবৈশাখী ঝড়ে যমুনা নদীতে তিনটি নৌকা ডুবের যাওয়ার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন বালুশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুটি নৌকাসহ তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। উদ্ধার হওয়া পাঁচ বালুশ্রমিকেরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচরের ফকির আলী (৪০), জামিল হক (৩৫) ও তুবেল (৪০) এবং ফজল হক (৩৫) ও সিদ্দিক (৫০)। প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর থেকে আটজন বালুশ্রমিক তিনটি বালুবোঝাই নৌকা নিয়ে ইসলামপুর উপজেলার কুলকান্দি নৌঘাটে যাচ্ছিলেন। পথে বিকেল পাঁচটার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি কুলকান্দি নৌঘাটের কাছেই ডুবে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় স্বজনহারা পরিবারের সদস্যরা সারা রাত যমুনা নদীতে অনেক খোঁজাখুঁজি করেন। কুলকান্দি নৌঘাটের কাছে আজ মঙ্গলবার সকালে একটি নৌকা এবং ওই পাঁচজনের লাশ পাওয়া যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে এবং একই দিনে গাছপালা ও ঘরচাপা পড়ে নিহত তিনজনের পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বেলা দেড়টার দিকে নিহত বালুশ্রমিকদের স্বজনেরা লাশ শনাক্ত করে বাড়িতে নিয়ে যায়।জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, নিহতদের দাফনের জন্য ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ইসলামপুর উপজেলায় ১০ মেট্রিক টন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পাঁচ মেট্রিক টন করে ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।