যমুনা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ ও দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।নিখোঁজ দুই যাত্রী হলেন এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ী গ্রামের মোশারফ হোসেন (৪২) ও তাঁর ছেলে ওয়ালিদ (১)।আজ রোববার বেলা তিনটার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে।পুলিশ ও আহত যাত্রী সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর চর এলাকার গোষাইবাড়ী নৌকা ঘাট থেকে জ্বালানিসহ প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা এনায়েতপুর ঘাটে আসছিল। এ সময় যমুনা নদীর সন্তোষায় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে নদীতে ডুবে যায়। আতঙ্কিত যাত্রীদের চিত্কারে চর থেকে কয়েকটি নৌকা এসে তাদের উদ্ধার করে। তবে এখন পর্যন্ত মোশারফ হোসেন ও তাঁর ছেলে ওয়ালিদ নিখোঁজ রয়েছেন। এ ছাড়া নৌকায় থাকা একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা ও নয়াদিগন্ত পত্রিকার স্থানীয় প্রতিনিধি রফিক মোল্লাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার সাংবাদিকদের সঙ্গে থাকা দুটি ক্যামেরা, তিনটি মোবাইলসহ যাত্রীদের সব মালামাল নদীতে ডুবে যায়।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুজনকে উদ্ধার করতে স্থানীয় ডুবুরিরা অভিযান চালাচ্ছেন।