‘স্বাধীনতার সুরে ৪০ বছর’ স্লোগান নিয়ে যমুনার পারে অনুষ্ঠিত হয়ে গেল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সপ্তম আসর। এ উপলক্ষে যমুনার তীরে বসেছিল সাংস্কৃতিক জগতের প্রায় সব তারকা, দেশি-বিদেশি সংগীত অনুরাগীসহ দেশের হাজার হাজার মানুষের মিলন মেলা। মোহনীয় সুরে উচ্ছ্বাস আর আনন্দধ্বনিতে যেন ফিরে এসেছিল স্বাধীনতাযুদ্ধের সেই উত্তাল স্লোগান, ‘তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা।’আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় স্বাধীনতার পটভূমিতে নির্মিত একটি ফিল্ডড্রামা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এই সপ্তম আসর। নদীমাতৃক বাংলাদেশকে ফুটিয়ে তুলতে এবারই প্রথম যমুনার পূর্ব তীর সেনাবাহিনীর ভ্যাসেল ফিল্ডে আয়োজন করা হয় সংগীতের এ মহা উত্সব। এ আয়োজনে সংগীতের ১৫টি শাখায় পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের সংগীতে অমূল্য অবদান রাখায় আজীবন সম্মাননা পেয়েছেন শিল্পী আবদুল জব্বার। তাঁর হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী।পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল নানা মনোমুগ্ধকর পরিবেশনা। দেশের গুণী ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেয় ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বিভিন্ন শিল্পী।অনুষ্ঠানের শুরুতেই আহমেদ ইমতিয়াজ বুলবুলের নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সুবীর নন্দী, অদিতি মহসিন, রিজিয়া পারভিন, এলিটা, কণা, সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা বাংলাদেশ নিয়ে পরিবেশন করেন একটি দেশাত্মবোধক গান। এরপরই আইয়ুব বাচ্চুর নেতৃত্বে মঞ্চে আসেন ব্যান্ড উচ্চারণ, আর্টসেল ও শূন্যের সদস্যরা। স্বাধীনতা যুদ্ধে জর্জ হ্যারিসনের অবদানকে স্মরণ করে তাঁরা গেয়ে শোনান ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি।অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশন করেন শিল্পী সুজেয় শ্যাম, ফকির আলমগীর, রফিকুল আলম, অনুপ ভট্টাচার্য, রুপা খান, মালা খান, উমা খান, তিমির নন্দী, বুলবুল মহলানবিশ ও কল্যাণী ঘোষ। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখায় এ সময় ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের প্রতিনিধিদের সম্মান জানানো হয়।সিটিসেল-চ্যানেল আই এবারের আসরে সংগীতের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপ্তরা হলেন, রবীন্দ্রসংগীতে ইফফাত আরা দেওয়ান (সমালোচক) ও নন্দিতা ইয়াসমিন (জনপ্রিয়), নজরুলসংগীতে নাশিদ কামাল (সমালোচক) ও সজীব (জনপ্রিয়), আধুনিক গানে আসিফ আকবর (সমালোচক) ও সুমনা বর্ধন (জনপ্রিয়), চলচ্চিত্রের গানে রেজওয়ানা চৌধুরী বন্যা (সমালোচক) এবং বাপ্পা মজুমদার ও কণা (জনপ্রিয়), লোকসংগীতে কিরণ চন্দ্র রায় (সমালোচক) এবং রাম কানাই দাস (জনপ্রিয়), উচ্চাঙ্গসংগীতে ওস্তাদ আজিজুল ইসলাম, সেরা গীতিকার জুলফিকার রাসেল (সমালোচক) ও রবিউল ইসলাম (জনপ্রিয়), সেরা সংগীত পরিচালক যৌথভাবে শফিক তুহিন ও ইবরার টিপু (সমালোচক) এবং তানভীর তারেক (জনপ্রিয়)। সেরা শব্দ প্রকৌশলী বাপ্পা মজুমদার (সমালোচক) এবং সাজ্জাদ আরেফিন (জনপ্রিয়)। সেরা কভার ডিজাইনার তৌহিন হাসান (সমালোচক) এবং সাইফুল ইসলাম (জনপ্রিয়), সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন নাহিদ সুলতানা (সমালোচক) এবং নিশিত সূর্য, সেরা ব্যান্ড পুরস্কার ডি ইলুমিনিশন (সমালোচক) এবং বোহেমিয়ান (জনপ্রিয়), সেরা মিউজিক ভিডিও নির্মাতা গাজী শুভ্র।এর আগে সকাল ১০টা থেকে অনুষ্ঠানকে ঘিরে যমুনার তীরে দিনব্যাপী চলে বাংলাদেশ মেলা। বাংলাদেশ মেলায় প্রদর্শিত হয় সাপ খেলা, নাগরদোলা, যাত্রা, বানর খেলা, হাতি-ঘোড়া, বায়স্কোপ, রণ-পা ও লাঠি খেলা। স্টলগুলোতে ছিল মুড়ি, মুড়কি, বাতাসা ইত্যাদি। জেলে, তাঁতি, বেদে, কামার-কুমার সম্প্রদায়েরও অংশগ্রহণ ছিল বাংলাদেশ মেলায়; ছিল চারু-কারুশিল্পীদের প্রদর্শনী ও সার্কাস। এ ছাড়া ভ্রাম্যমাণ জাদুঘরে দিনজুড়ে মহান মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন আফজাল হোসেন ও ফারজানা ব্রাউনিয়া।