‘স্বাধীনতার সুরে ৪০ বছর’ স্লোগান নিয়ে যমুনার পারে অনুষ্ঠিত হয়ে গেল সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সপ্তম আসর। এ উপলক্ষে যমুনার তীরে বসেছিল সাংস্কৃতিক জগতের প্রায় সব তারকা, দেশি-বিদেশি সংগীত অনুরাগীসহ দেশের হাজার হাজার মানুষের মিলন মেলা।গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় অনুষ্ঠান। এ আয়োজনে সংগীতের ১৫টি শাখায় পুরস্কার দেওয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন শিল্পী আবদুল জব্বার। তাঁর হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী।পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল নানা মনোমুগ্ধকর পরিবেশনা। দেশের গুণী ও জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেয় ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার বিভিন্ন শিল্পী।অনুষ্ঠানের শুরুতেই আহমেদ ইমতিয়াজ বুলবুলের নেতৃত্বে রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, সুবীর নন্দী, অদিতি মহসিন, রিজিয়া পারভিন, এলিটা, কণা, সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা বাংলাদেশ নিয়ে পরিবেশন করেন একটি দেশাত্মবোধক গান। এরপরই আইয়ুব বাচ্চুর নেতৃত্বে মঞ্চে আসেন ব্যান্ড উচ্চারণ, আর্টসেল ও শূন্যের সদস্যরা। স্বাধীনতা যুদ্ধে জর্জ হ্যারিসনের অবদানকে স্মরণ করে তাঁরা গেয়ে শোনান ‘বাংলাদেশ বাংলাদেশ’ গানটি।অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশন করেন শিল্পী সুজেয় শ্যাম, ফকির আলমগীর, রফিকুল আলম, অনুপ ভট্টাচার্য, রুপা খান, মালা খান, উমা খান, তিমির নন্দী, বুলবুল মহলানবিশ ও কল্যাণী ঘোষ। এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখায় এ সময় ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের প্রতিনিধিদের সম্মান জানানো হয়।সিটিসেল-চ্যানেল আই এবারের আসরে সংগীতের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপ্তরা হলেন, ইফফাত আরা দেওয়ান, নন্দিতা ইয়াসমিন, নজরুলসংগীতে নাশিদ কামাল, সজীব, আধুনিক গানে আসিফ আকবর, সুমনা বর্ধন, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, কণা, কিরণ চন্দ্র রায়, রাম কানাই দাস, ওস্তাদ আজিজুল ইসলাম। সেরা গীতিকার জুলফিকার রাসেল, রবিউল ইসলাম, সেরা সংগীত পরিচালক যৌথভাবে শফিক তুহিন ও ইবরার টিপু, তানভীর তারেক।এর আগে সকাল ১০টা থেকে অনুষ্ঠানকে ঘিরে যমুনার তীরে দিনব্যাপী চলে বাংলাদেশ মেলা। মেলায় প্রদর্শিত হয় সাপ খেলা, নাগরদোলা, যাত্রা, বানর খেলা, হাতি-ঘোড়া, বায়স্কোপ, রণ-পা ও লাঠি খেলা। স্টলগুলোতে ছিল মুড়ি, মুড়কি, বাতাসা ইত্যাদি। পুরো অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন আফজাল হোসেন ও ফারজানা ব্রাউনিয়া।