যমুনা ফিউচার পার্ক ভাঙা শুরু
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে ও রাজউক কর্মকর্তাদের উপস্থিতিতে এ কাজ শুরু হয়।পঞ্চাশজন শ্রমিক হাতুড়ি, শাবল ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে সাততলার দেয়াল ও দরজা-জানালা ভাঙছে। যমুনা ফিউচার পার্কের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক বলেন, ফিউচার পার্কের নকশা ও ভাঙার আদেশ পুনর্বিবেচনার জন্য তাঁরা হাইকোর্টে আপিল করেছেন। আদালতে আজ তার শুনানি চলছে। কিন্তু রাজউক কর্মকর্তারা বলেছেন, অনেক সময় পার হয়ে যাওয়ায় বিপণিবিতানটির অননুমোদিত অংশ—সাত থেকে ১০ তলা—ভাঙার ব্যাপারে আর দেরি করা সম্ভব নয়। ভবনটির আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, কুড়িলে ১২০ বিঘা জমির ওপর যমুনা ফিউচার পার্ক গড়া হয়েছে। পার্কটির নির্মাতা যমুনা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেডকে তিনটি বেসমেন্টসহ ছয়তলা ভবন তৈরির অনুমোদন দেওয়া হয়। কিন্তু যমুনা বিল্ডার্স ছয়তলার ওপরে অবৈধভাবে চারতলার দুটি টাওয়ার নির্মাণ করে। টাওয়ার দুটির মেঝের মোট ক্ষেত্রফল দুই হাজার ৪৭০ দশমিক ৩০ বর্গমিটার।উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যমুনা বিল্ডার্স লিমিটেডের আরজি খারিজ করে দিয়ে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলার হাইকোর্টের আদেশ বহাল রাখেন।গত ১৩ জানুয়ারি যমুনা পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য সাত দিনের সময় দিয়ে যমুনা বিল্ডার্স বরাবর নোটিশ পাঠায় রাজউক। এর জবাবে গত ১৭ জানুয়ারি যমুনা বিল্ডার্স রাজউকের এই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন পেশ করে। হাইকোর্ট এই আবেদন ৩ ফেব্রুয়ারি খারিজ করে দেন। হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পরের দিন রাজউক যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য সেখানে গেলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেশ করা যমুনা বিল্ডার্সের আরও একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সেই কার্যক্রম স্থগিত করা হয়।