যমুনা ফিউচার পার্ক ভাঙাসংক্রান্ত রিটের শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে আগামী রোববার।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনকারীর পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন। যোগাযোগ করা হলে রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, রিট আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৪ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। নোটিশের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা না করার কোনো আশ্বাস দেওয়া হয়নি। কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। এটি রিট মোশন। এ নিয়ে কোনো রুল জারি করেননি আদালত।এর আগে ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে ওই নোটিশ দিয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ জানুয়ারি হাইকোর্টে রিটটি করা হয়।প্রকাশিত সংবাদের প্রতিবাদ: ২১ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘পুলিশের ছাড়পত্র ছাড়া যমুনা ফিউচার পার্কের নকশা অনুমোদন-তদন্তের অনুরোধ’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপ। এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজউক যমুনা ফিউচার পার্কের নকশা অনুমোদন করেছে। ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের ট্রাফিক ছাড়পত্রসহ সব বৈধ অনুমোদনই তাদের রয়েছে।প্রতিবাদে বলা হয়, যমুনা ফিউচার পার্কের ছাড়পত্রের জন্য যমুনা গ্রুপ ২০০৮ সালের ৯ জুন আবেদন করে। পরের বছরের ২০ জুলাই ট্রাফিক ইমপ্যাক্ট এসেসমেন্ট রিপোর্টের ভিত্তিতে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড ট্রাফিক সার্কুলেশন ছাড়পত্র দেয়।প্রতিবাদপত্রে বলা হয়েছে, চিঠিতে ডিএমপি কমিশনার যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে এয়ারপোর্ট রোড থেকে প্রকল্প পর্যন্ত বিকল্প রাস্তা তৈরি, প্রগতি সরণি থেকে প্রকল্প পর্যন্ত প্রবেশপথ নির্মাণ ও বসুন্ধরায় প্রবেশের রাস্তা থেকে উপযুক্ত প্রবেশপথ তৈরির কথা বলেছেন। অথচ রাজধানী ঢাকায় সড়ক ও জনপথ, রাজউক ও সিটি করপোরেশন ছাড়া ব্যক্তিগত পর্যায়ে কোনো রাস্তা নির্মাণের আইনগত বিধান নেই, নজিরও নেই। এটি একটি অবাস্তব এবং হাস্যকর প্রস্তাব বলে প্রতিবাদে উল্লেখ করা হয়েছে। প্রতিবাদে দাবি করা হয়, যমুনা ফিউচার পার্কটি প্রগতি সরণিসংলগ্ন হওয়ায় এখানে সংযোগ সড়কের প্রয়োজনীয়তা নেই। প্রতিবেদকের বক্তব্য: খবরটি প্রকাশিত হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের চিঠির ওপর ভিত্তি করে। কমিশনারের এ চিঠি রাজউকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সেই চিঠির ব্যাপারে যমুনার চেয়ারম্যানের বক্তব্যও ছাপা হয়েছে।যমুনা টিভি: ফ্রিকোয়েন্সি বাতিল ও পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের করা রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।১৯ জানুয়ারি ওই আদালত গতকাল শুনানি ও আদেশ প্রদানের দিন ধার্য করেছিলেন। গতকাল বেলা পৌনে একটায় সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি না করার কথা জানিয়ে আদেশ প্রার্থনা করেন। আদালত রিটে রুল জারি, আংশিক শ্রুত অবস্থায় থাকা, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যমুনার আইনজীবীর বক্তব্য ও ঘটনাক্রম তুলে ধরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।সূত্র জানায়, একপর্যায়ে যমুনা টেলিভিশনের পক্ষের আইনজীবী রফিক উল হক বলেন, অ্যাটর্নি জেনারেলের আচরণ অব্যাহত থাকলে সুপ্রিম কোর্ট অবলুপ্ত হয়ে যাবে। এ সময় ‘তাহলে আমরা বেঁচে যাই’ বলে আদালত মন্তব্য করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এ সময় বলেন, কী কারণে অ্যাটর্নি জেনারেল বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা বলেছেন, তা উল্লেখ করা হয়নি। এ পর্যায়ে আদালত বিষয়টি অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।এর আগে ১৯ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং যন্ত্রপাতি জব্দ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট যমুনা টেলিভিশনের ফ্রিকোয়েন্সি বাতিল ও পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেছিলেন।