যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজউক সেখানে যায়। রাজউক প্রায় ১০০ শ্রমিক নিয়ে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে যমুনা ফিউচার পার্কের ওপরের এক পাশের চারটি অবৈধ তলা ভেঙে দেয়। এ অভিযানে প্রায় ১০০ পুলিশ অংশ নেয়।যমুনা ফিউচার পার্কের মূল গেটে পুুলিশ তালা লাগিয়ে দেয়। এতে ভবনের ভেতরে প্রবেশ বন্ধ হয়ে যায়। এ সময় উত্সুক জনতা গেটের বাইরে ভিড় করে। ভবনটি ১০ তলা হলেও এর ছয়তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন আছে। ভবনের প্রতিটি তলার আয়তন ৪৮ লাখ স্কয়ারফিট। রাজউক-নিয়োজিত শ্রমিকেরা হাতুড়ি-শাবল নিয়ে এর সাততলায় উঠেছেন।যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজউকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি গতকাল বুধবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছয় দিন শুনানি শেষে গতকাল এ রায় দেন। রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে ১৩ জানুয়ারি রাজউকের দেওয়া নোটিশ বহাল থাকছে। তাই পার্কটির অননুমোদিত অংশ ভাঙতে আইনগত কোনো বাধা নেই।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, আদালত দুটি যুক্তিতে আবেদনটি খারিজ করে দিয়েছেন। প্রথমত, ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুসারে প্রথমে রাজউকে আপিল করার বিধান রয়েছে। কিন্তু তা না করে যমুনা কর্তৃপক্ষ সরাসরি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছে। দ্বিতীয়ত, এর সঙ্গে বিতর্কিত ঘটনা জড়িত, যাতে সাক্ষ্য ও প্রমাণের অবকাশ রয়েছে। এই দুই কারণে রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে আদালত রায় দিয়েছেন। এর ফলে অবৈধভাবে নির্মাণ করা পার্কটির সাত থেকে ১০ তলা পর্যন্ত ভাঙতে আইনগত কোনো বাধা নেই।যমুনা ফিউচার পার্কের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, আদালত রাজউকে আপিল করা হয়নি বলে রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। ওই নোটিশের বিরুদ্ধে রাজউকে আপিল করা হবে।১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে ওই ভবনের অননুমোদিত অংশ অপসারণ করতে নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দিয়েছিল। এর আগে আরও দুটি নোটিশ দেওয়া হয়। ১৮ জানুয়ারি চূড়ান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পার্ক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট আবেদন পেশ করে।