যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজধানীর জোয়ার সাহারায় বসুন্ধরার বারিধারা আবাসিক এলাকার কাছে মেসার্স যমুনা বিল্ডার্স প্রা. লিমিটেডের সুপরিসর এ ভবনটির ছয়তলা পর্যন্ত করার অনুমোদন আছে। কিন্তু রাজউক বলেছে, এটি করা হয়েছে ১০ তলা। ১৩ জানুয়ারি যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে এই নোটিশ দেয় রাজউক। নোটিশে সাত দিনের মধ্যে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বলে রাজউকের এস্টেট বিভাগ থেকে জানানো হয়েছে। যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, রাজধানীতে রাজউকের অনুমোদন না নিয়ে বা আংশিক অনুমোদন নিয়ে বেশ কিছু ভবন নির্মিত হয়েছে বা হচ্ছে। নিয়ম অনুযায়ী সেগুলো ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ভিত্তিতেই রাজউকের অথরাইজড কর্মকর্তা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছেন। তবে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে বাবুল প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, তাঁর মন্ত্রণালয় এবং রাজউকের দুর্নীতির বিরুদ্ধে তাঁর মালিকানাধীন দৈনিক যুগান্তর-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসাবশত এই নোটিশ দেওয়া হয়েছে। রাজউকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যমুনা ফিউচার পার্কের তিনটি বেজমেন্টসহ ছয়তলা ইমারতের নকশা দাখিল করা হলেও ছয়তলার ওপরে দুই হাজার ৪৭ দশমিক ৩০ বর্গমিটার জায়গার ওপর অতিরিক্ত আরও চারতলা টাওয়ার নির্মাণ করা হয়। তা ছাড়া ষষ্ঠ তলার ওপরে এক তলার চারটি মেশিন কক্ষ অতিরিক্ত নির্মাণ করা হয়। এসব অংশই ভেঙে ফেলতে বলেছে রাজউক। রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে আরও জানা যায়, যমুনা বিল্ডার্স ২০০১ সালের ১২ সেপ্টেম্বর রাজউকের কাছে ছয় তলা আবাসিক কাম বাণিজ্যিক ইমারতের নকশা জমা দেয়। নকশা জমা দেওয়ার পর জমির মালিকানা নিয়ে কিছু অভিযোগ আসে। এসব অভিযোগ জানিয়ে রাজউক সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসককে চিঠি দেয়। জবাবে জেলা প্রশাসন যমুনা বিল্ডার্সের জমির মালিকানা সঠিক বলে উল্লেখ করে। রাজউক সূত্রে জানা যায়, যমুনা ছয় তলার নকশা দাখিল করলেও রাজউক তা অনুমোদন করেনি। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০০৩ সালের ২৮ জুনে দেওয়া চিঠির ভিত্তিতে রাজউক যমুনাকে নির্মাণাধীন ভবনটি ভাঙার নোটিশ দেয়। ওই নোটিশের বিরুদ্ধে যমুনা বিল্ডার্স হাইকোর্টে রিট আবেদন করে। ২০০৫ সালের ১০ জুলাই হাইকোর্ট ওই নকশার জন্য নির্ধারিত অঙ্কের ১০ গুণ অর্থ আদায় করে দুই মাসের মধ্যে নকশা অনুমোদনের নির্দেশ দেন। রাজউক ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে। ২০০৭ সালের ১৬ জানুয়ারি আপিল বিভাগ রাজউকের ওই লিভ টু আপিল খারিজ করে দেন। এর বিরুদ্ধে রাজউক পুনর্বিবেচনার আবেদন করে। আপিল বিভাগ ২০০৮ সালের ৮ এপ্রিল ওই আবেদনও খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।২০০৮ সালের ২১ অক্টোবর রাজউকের বিসি (বিল্ডিং কনস্ট্রাকশন) কমিটির এক সভায় ছয় তলা পর্যন্ত যমুনার নকশা অনুমোদন করা হয়। একই বৈঠকে অনুমোদনহীন অংশ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বছরের ২৪ নভেম্বর যমুনা বিল্ডার্সকে ফিউচার পার্কের বর্ধিত অংশ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়। সর্বশেষ ১৩ জানুয়ারি আবার তাদের নোটিশ দেওয়া হলো। তবে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আদেশে রাজউক ফিউচার পার্কের ছয় তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন দেয়। অনুমোদন দেওয়ার সময় রাজউকের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের পরিদর্শক নিয়মিত নির্মাণস্থল পরিদর্শন করবেন এবং পরে বাকি অংশ অনুমোদন দেওয়া হবে। সে অনুযায়ী পরিদর্শক পরিদর্শন করেছেন, কখনো কোনো বাধা দেননি। রাজউক সূত্র অবশ্য বলেছে, অনুমোদনের আগেই ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণ করে ফেলেছিল যমুনা। নুরুল ইসলাম জানান, রাজউক ১৩ জানুয়ারি নোটিশ দিলে গতকাল রোববার তাঁরা হাইকোর্টে রিট করেছেন। বিকেল চারটা নাগাদ রাজউককে ওই রিটের কথা জানানো হয়েছে। অথচ শুনানির আগেই রাজউক গণমাধ্যমকে ফিউচার পার্ক ভাঙার নোটিশের কথা জানিয়ে দেয়। এটা তারা ১৩ জানুয়ারিই জানাতে পারত।