যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙার কাজ ফের শুরু
রাজধানীর কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্কের দক্ষিণ প্রান্তে ষষ্ঠ তলার ওপরের অনুমোদন না নিয়ে নির্মাণ করা অংশ ভাঙার কাজ আবার শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার তৃতীয়বারের মতো এ অভিযান শুরু হয়। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রথম দফা এবং ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান চলে।রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, আগেই সময় নির্ধারণ করা হয়েছিল যে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন অভিযান চালানো হবে। সে অনুযায়ী গতকাল সকালে রাজউকের অভিযানকারী দল প্রস্তুতও হয়। কিন্তু একপর্যায়ে পূর্ত মন্ত্রণালয় থেকে খবর আসে, ফিউচার পার্কে উচ্ছেদ অভিযানের বিষয়ে বৈঠক হচ্ছে। বৈঠকের উদ্দেশ্য, কারিগরি দিক বিবেচনায় রেখে সেনাবাহিনী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সাহায্যে এবং বিভিন্ন সেবা সংস্থার সমন্বিত উদ্যোগে অভিযান পরিচালনা করা। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এ পদ্ধতি অনুসরণ করলে সুষ্ঠুভাবে ভবনের ভিত্তি (কলাম) ও ছাদ ভাঙা সম্ভব হবে।কিন্তু পরে জানা যায়, অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য মন্ত্রণালয় থেকে বেলা সোয়া ১১টা নাগাদ গতকালই অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ আসে। অভিযানকারী দলকে আপাতত ফিউচার পার্কের ওপরের চারতলার বিভিন্ন কক্ষের দেয়াল ভাঙার কাজ চালিয়ে যেতে বলা হয়। ওই সিদ্ধান্ত জানার পর পরই রাজউকের দল প্রধান কার্যালয় থেকে যমুনা ফিউচার পার্কের উদ্দেশে যাত্রা করে। তবে ৬০ জনের পুলিশ দল যথাসময়ে না আসায় অভিযান শুরু হতে আরেক দফা দেরি হয়।গতকাল ভবনের নবম তলার দুই প্রান্তের কক্ষগুলোর দেয়াল ভাঙা হয়। ৫০ জনের মতো শ্রমিক হাতুড়ি, শাবল, গাইতি নিয়ে এসব দেয়াল ভাঙেন। ভবনের বাইরের দেয়ালের কাচও ভাঙা হয়। পশ্চিম প্রান্তে একটি কক্ষের দেয়াল ভাঙার সময় হঠাত্ ওপর থেকে দেয়ালের একটি বড় খণ্ড ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান আইয়ুব আলী নামের একজন শ্রমিক। এ ধরনের ভাঙার কাজে শ্রমিকদের মাথায় হেলমেট পরার নিয়ম থাকলেও কোনো শ্রমিককে তা ব্যবহার করতে দেখা যায়নি। এ বিষয়ে প্রশ্ন করলে রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলা বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হবে। রাজউকের অথরাইজড কর্মকর্তা শফিকুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।খোঁজ নিয়ে জানা যায়, অভিযানকারী দল ঘটনাস্থলে যাওয়ার আগেই ফিউচার পার্ক কর্তৃপক্ষ নবম তলার মেঝেতে পাতা টাইলস, ছাদে আঁটা কাঠ, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি সরিয়ে নেয়। যমুনা বিল্ডার্সের পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ আলমগীর আলম সাংবাদিকদের বলেন, আগে সরিয়ে নেওয়ায় ৮০ শতাংশ সরঞ্জাম রক্ষা করা সম্ভব হয়েছে।যমুনার এমডির নিঃশর্ত ক্ষমাযমুনা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। গতকাল সকালে শামীম ইসলাম আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. নুরুল হুদা বাদী হয়ে ৭ ফেব্রুয়ারি শামীম ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি করেন। পরদিন হাইকোর্টের ওই বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে শামীম ইসলামের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পাশাপাশি ২২ ফেব্রুয়ারি তাঁকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।