যমুনা ফিউচার পার্কের অবৈধ অংশ ভাঙার কাজ শুরু
যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছয়তলা আবাসিক-বাণিজ্যিক ভবনের ওপর দক্ষিণে পাশাপাশি দুটি চারতলা টাওয়ার নির্মাণ করা হয়েছে। রাজউক বলছে, এর অনুমোদন নেই।গতকাল বৃহস্পতিবার সকালে টাওয়ারের কাচের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। আজ শুক্রবারও ভবন ভাঙার কাজ চলবে বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা।যমুনা গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেঙে দেওয়া ভবনে গ্রুপের ২৭টি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। হাইকোর্টের নির্দেশ ও যমুনার পক্ষ থেকে রাজউকে করা আপিল আবেদন উপেক্ষা করে ভবনটি ভেঙে দেওয়া হয়। এতে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। পাঁচ শতাধিক কর্মকর্তাকে ভবন থেকে বের করে দেওয়া হয়। অনেকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কক্ষে রাখা গুরুত্বপূর্ণ দলিলপত্র, তথ্যাদি, ব্যাংকের চেক, নগদ টাকা নষ্ট করে ফেলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।গতকাল ভবন ভাঙা শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। প্রথমে ভাঙা হয় দশম তলার দেয়ালের কাচ। এ কাজে অংশ নেন ৭০ জন শ্রমিক। এরপর পর্যায়ক্রমে নবম, অষ্টম ও সপ্তম তলার কাচ ভাঙা হয়। শেষে সপ্তম তলার দেয়ালের কিছু পলেস্তারা ও দরজা ভাঙা হয়। দুপুর একটার দিকে রাজউকের কর্মকর্তারা ভবন ভাঙার অভিযান স্থগিত করেন।রাজউক বলছে, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্প্রতি যমুনা বিল্ডার্স (প্রা.) লিমিটেডকে তিনটি বেজমেন্টসহ ছয়তলা ইমারত নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু তারা ছয়তলার ওপর ২৪৭০ দশমিক ৩০ বর্গমিটার এলাকাজুড়ে অবৈধভাবে দুটি টাওয়ার নির্মাণ করেছে। গতকালের অভিযানে নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আবদুল মান্নান ও ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা।আবদুল মান্নান ও রৌকন-উদ-দৌলা সাংবাদিকদের জানান, ভারী যন্ত্রপাতি ও দক্ষ শ্রমিক না থাকায় ভবন ভাঙার কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আজ থেকে যন্ত্রপাতি ও দক্ষ শ্রমিক দিয়ে আবার ভাঙার কাজ চলবে।সরেজমিনে দেখা গেছে, এ দুটি টাওয়ার যমুনা কর্তৃপক্ষের দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। মূল ভবনটি এখনো সুসজ্জিত করা হয়নি। কিন্তু টাওয়ার দুটির প্রতিটি কক্ষ সুসজ্জিত। সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা, আসবাব ও কম্পিউটার রয়েছে। অভিযানের সময় এসব ভাঙা হয়নি।সকালে রাজউকের কর্মকর্তারা অভিযানে গেলে যমুনা গ্রুপের কর্মকর্তারা একটি কাগজ দেখিয়ে বলেন, রাজউকে আপিল আবেদন করা হয়েছে; ভবনটি যেন ভাঙা না হয়। কিন্তু রাজউকের কর্মকর্তারা তা আমলে নেননি।শ্রমিকেরা হাতুড়ি, শাবল ও রড দিয়ে ভবনের কাচ ভাঙেন। এ কাজ শুরুর সময় যমুনা ফিউচার পার্কের মূল ফটকে ও খোলা মাঠে বুলডোজার দেখা গেছে। তবে সেগুলো কাজে লাগানো হয়নি। অভিযান চলাকালে ফিউচার পার্কের ফটকে উত্সুক মানুষ ভিড় করে। একপর্যায়ে ফটক আটকে দিয়ে পুলিশ অবস্থান নেয়। এ সময় যমুনা টেলিভিশনের সাংবাদিকেরা ভেতরে যেতে চাইলে তাঁদের বাধা দেয় পুলিশ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।দুপুর ১২টা ৫০ মিনিটে সপ্তম তলায় ভাঙার কাজ চলছিল। এ সময় যমুনার পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলাকে বলা হয়, মোবাইল ফোনে ব্যারিস্টার রফিক-উল হক কথা বলতে চান। তিনি কথাও বলেন। সাংবাদিকেরা জানতে চাইলে রোকন-উদ-দৌলা বলেন, ‘রফিক-উল হক বলেছেন, চেম্বার জজের কাছে আপিল করা হয়েছে। আমি তাঁকে বলেছি, এ সংক্রান্ত কোনো নির্দেশনা থাকলে তা ফ্যাক্সে পাঠিয়ে দিন।’ফোনে কথোপকথনের পর ভবন ভাঙার কাজ বন্ধ হয়। এরপর যমুনার কর্মকর্তারা ফ্যাক্সে পাঠানো একটি কাগজ দেন রোকন-উদ-দৌলার হাতে। তিনি কাগজটি দেখে বলেন, এতে ভবন না ভাঙার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা নেই।গতকালের অভিযানে রাজউকের শফিকুল ইসলাম, জি এম হালিম, আমিনুর রহমান, খালেকুজ্জামান চৌধুরীসহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি) মনির হোসেনের নেতৃত্বে শতাধিক পুলিশ ভবনের ভেতরে ও ফটকে অবস্থান নেয়।পেছনের কথা: রাজউক জানায়, অনুমোদন ছাড়া ছয়তলা ভবন নির্মাণ করায় রাজউক ২০০২ সালের নভেম্বরে নির্মাণাধীন ইমারত ভাঙার জন্য চূড়ান্ত নোটিশ দেয়। এর বিরুদ্ধে যমুনা বিল্ডার্স হাইকোর্টে রিট আবেদন করে। ২০০৫ সালে আদালত নকশার নির্ধারিত ফিসের ১০ গুণ বাড়তি টাকা জরিমানা নিয়ে দুই মাসের মধ্যে নকশা অনুমোদনের নির্দেশ দেন রাজউককে।রায়ের বিরুদ্ধে রাজউক আপিল অনুমতির আবেদন করে ২০০৬ সালে। ২০০৭ সালের জানুয়ারি মাসে আদালত আপিল খারিজ করে আগের রায় বহাল রাখেন। পরে রাজউক ২০০৮ সালে সিভিল রিভিউ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়ে যায়।এরপর রাজউকের বোর্ড সভায় যমুনা বিল্ডার্সকে সাড়ে ২১ লাখ টাকা জরিমানা নিয়ে তিনটি বেজমেন্টসহ ছয়তলা ইমারত নির্মাণের অনুমোদন দেওয়া হয়। কিন্তু রাজউক দেখতে পায়, ছয়তলার অনুমোদন দিলেও সেখানে ছয়তলার ওপর আরও চারতলা উচ্চতায় ২৪৭০ দশমিক ৩০ বর্গমিটার এলাকাজুড়ে পাশাপাশি দুটি টাওয়ার নির্মাণ করা হয়েছে।এই অননুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য যমুনাকে নির্দেশ দেয় রাজউক। সে অনুযায়ী চিঠি দেওয়া হয়। এর বিরুদ্ধে রিট করা হলে হাইকোর্ট তা খারিজ করেন। অবশেষে রাজউক গতকাল অতিরিক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজ শুরু করে।রাজধানীর বারিধারায় ৪৫০ বিঘা জমির ওপর যমুনা ফিউচার পার্ক নির্মিত হচ্ছে।যমুনার আপিল: হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।যোগাযোগ করা হলে যমুনার কৌঁসুলি আহসানুল করিম প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করেছেন।