যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় দিন শুনানি শেষে এ রায় দেন। যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ এখন রাজউকে আপিল করবে বলে তাদের আইনজীবী জানিয়েছেন। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন। রাজউকের পক্ষে আইনজীবী ছিলেন এ এফ এম মেজবাহউদ্দিন। যমুনার পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও আহসানুল করিম।রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে ১৩ জানুয়ারি রাজউকের দেওয়া নোটিশ বহাল থাকছে। তাই পার্কটির অননুমোদিত অংশ ভাঙতে আইনগত কোনো বাধা নেই।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, আদালত দুটি যুক্তিতে রিটটি খারিজ করে রায় দিয়েছেন। প্রধানত, ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুসারে প্রথমে রাজউকে আপিল করার বিধান রয়েছে। কিন্তু তা না করে যমুনা কর্তৃপক্ষ সরাসরি রিট দায়ের করেছে। দ্বিতীয়ত, এর সঙ্গে বিতর্কিত ঘটনা জড়িত, যাতে সাক্ষ্য ও প্রমাণের অবকাশ রয়েছে। এই দুই কারণে রিট গ্রহণযোগ্য নয় বলে আদালত রায় দিয়েছেন। এর ফলে অবৈধভাবে পার্কটির নির্মাণ করা সপ্তম থেকে দশম তলা পর্যন্ত ভাঙতে আইনগত বাধা নেই।যমুনা ফিউচার পার্কের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, আদালত বিষয়বস্তুতে রিটটি খারিজ করে দেননি। রাজউকে আপিল করা হয়নি বলা হয়েছে। ওই নোটিশের বিরুদ্ধে রাজউকে আপিল করা হবে।জানা যায়, গত ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণ করতে নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দিয়েছিল। এর আগে দুটি নোটিশ দেওয়া হয়েছিল। তবে ১৮ জানুয়ারি চূড়ান্ত নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে পার্ক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে।যমুনা গ্রুপের চেয়ারম্যানের জামিন: জোর করে মাটি ভরাট করে জায়গা দখল ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও তাঁর ছেলে শামীম ইসলামের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন ও আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু মামলা পরিচালনা করেন।মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, জোর করে মাটি ভরাট করে জায়গা দখল ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত নুরুল ইসলাম ও তাঁর ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।১৮ জানুয়ারি খিলক্ষেতের বাসিন্দা কেরামত আলী মামলাটি দায়ের করেন। এতে জোর করে মাটি ভরাট করে বাদীর সাড়ে ২৪ শতাংশ জায়গা দখল ও মারধরের অভিযোগ আনা হয়।