বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় যমুনা ব্যাংক লিমিটেডের দুই ভাইস প্রেসিডেন্টসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রফিকুল হাসান, সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোর্শেদুল রহমান ও এস এম জাহেদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এ এস মাসউক এবং এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার।আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সকাল থেকে পর্যায়ক্রমে এ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ এবং মো. আল আমিন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই কর্মকর্তাদের কাছে বিসমিল্লাহ গ্রুপকে ঋণ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় এবং এ ক্ষেত্রে তাঁদের কতটুকু ভূমিকা ছিল, সে বিষয়ে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের লোকজনের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের পারস্পরিক যোগসাজশেই যমুনা ব্যাংকসহ মোট পাঁচটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত্ করা হয়েছে।অভিযোগ রয়েছে, দেশের পাঁচটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পরিচালক বা প্রতিষ্ঠানের মালিকেরা পলাতক রয়েছেন। বিসমিল্লাহ গ্রুপ জালিয়াতি করে জনতা ব্যাংক থেকে (ফান্ডেড বা ঋণ ও নন ফান্ডেড বা গ্যারান্টি জাতীয়) ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা, প্রাইম ব্যাংকের এক শাখা থেকেই ৩০৬ কোটি ২২ লাখ টাকা, যমুনা ব্যাংক থেকে ১৬৩ কোটি ৭৯ লাখ টাকা, শাহজালাল ব্যাংক থেকে ১৪৮ কোটি ৭৯ লাখ টাকা ও প্রিমিয়ার ব্যাংক থেকে ৬২ কোটি ৯৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।