যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানায় গতকাল বৃহস্পতিবার রাত থেকে সার উৎপাদন বন্ধ রয়েছে। অ্যামোনিয়া প্ল্যান্টে ছিদ্র দেখা দেওয়ার আগামী সাত-আট দিন কারখানাটিতে সার উৎপাদন বন্ধ থাকবে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য সাত থেকে আট দিন সময় লাগবে। সে পর্যন্ত কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে এই সার কারখানাটিকে দুই লাখ ৩৫ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেধে দেয় বাংলাদেশে রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি)। তিন মাস আগে তারা এই লক্ষ্যমাত্রা অর্জন করে। ২০ জুন পর্যন্ত সার কারখানাটিতে তিন লাখ ২২ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হয়েছে।