যমুনা সার কারখানার ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার আট কর্মকর্তা-কর্মচারীকে ১১ এপ্রিল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তারা বেশি বেতনের লোভে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ৯ এপ্রিল বিদেশ যাচ্ছিলেন।বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, অ্যামোনিয়া প্ল্যান্টের উৎপাদন কর্মকর্তা এম এ মান্নান, মাস্টার অপারেটর সুলতান নাছির উদ্দিন, আজিজুর রহমান, আসাদুজ্জামান মিয়া, মাহতাব উদ্দিন, মাহবুবুর রহমান, ফকরুল আলম ও রফিকুল ইসলাম।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব প্রথম আলোকে জানান, ওই আট কর্মকর্তা-কর্মচারী কারখানা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চাকরির উদ্দেশে গোপনে আলজেরিয়া যাচ্ছিলেন। এ কারণে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।কারখানা সূত্রে জানা যায়, ওই আট কর্মকর্তা-কর্মচারী সরকারি নিয়মনীতি না মেনে আলজেরিয়ার একটি সার কারখানায় চাকরি নেন। নতুন কর্মস্থলে যোগ দিতে আলজেরিয়ার উদ্দেশে রওনা হলে ৯ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটক করে। পরে পাসপোর্ট জব্দ করে ছেড়ে দেয়। ১১ এপ্রিল বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন কর্তৃপক্ষের (বিসিআইসি) নির্দেশে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।উল্লেখ্য, ১০ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ‘গোপনে চাকরি নিয়ে বিদেশে যাচ্ছিলেন ১৩ কর্মকর্তা, কিন্তু...’ শিরোনামে খবর প্রকাশ করা হয়। দেশের তিনটি সার কারখানার মোট ১৩ জন গোপনে চাকরি নিয়ে আলজেরিয়া যাচ্ছিলেন। তাঁদের মধ্যে যমুনা সার কারখানার ওই আট কর্মকর্তা-কর্মচারীও ছিলেন।