যমুনা সার কারখানায় ৪৮ ঘণ্টা কর্মবিরতি চলছে
মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ জুলাই থেকে সুপারিশ করা মজুরি কমিশন বাস্তবায়ন করে প্রাপ্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতি পালনের ফলে কারখানা থেকে বাইরে কোথাও ট্রাকে সার যায়নি। সারা দিন সার পরিবহন বন্ধ ছিল।শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, মজুরি কমিশন স্কেল বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে কারখানার উত্পাদন বন্ধ করে দেওয়া হবে।এ ব্যাপারে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অচিন্ত্য কুমার দেব এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।