যমুনার আবেদন খারিজ ফিউচার পার্ক ভাঙতে আইনগত বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ফিউচার পার্কের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। ফলে যমুনা ফিউচার পার্কের অননুমোদিত অংশ ভাঙতে আর কোনো আইনগত বাধা থাকল না। গত ১৩ জানুয়ারি রাজউক যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে অননুমোদিত অংশ অপসারণ করতে নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জানুয়ারি যমুনা কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করলে ৩ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি খারিজ করে দেন। ৪ ফেব্রুয়ারি যমুনা কর্তৃপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করেন। ১০ ফেব্রুয়ারি এই আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করা হয়। আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং রাজউকের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন। যমুনার পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক, এম জহির, আনিসুল হক, আবদুল মতিন খসরু ও আহসানুল করিম। গতকাল সকাল নয়টা ২৮ মিনিটে আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, আবেদনটি খারিজ (ডিসমিসড) করা হলো। আদেশের সঙ্গে সঙ্গে যমুনার আইনজীবী বলেন, ওই ভবনে ১৫টি কোম্পানির কার্যালয় রয়েছে। কর্তৃপক্ষ নিজেরাই অননুমোদিত অংশ ভেঙে ফেলবে। এ জন্য কিছুদিন সময় প্রয়োজন। আদালত বলেন, এটা রাজউকের বিষয়। আদেশের পর রাজউকের আইনজীবী এ এফ এম মেজবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, যমুনার আবেদন খারিজ করায় যমুনার রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকছে। আপিল বিভাগের এই আদেশের ফলে যমুনার অননুমোদিত অংশ ভাঙতে আর কোনো আইনগত বাধা নেই। আগেও বাধা ছিল না। কারণ আদালত ভাঙার ওপর কোনো স্থগিতাদেশ দেননি। মেজবাহউদ্দিন আরও বলেন, আদালতের আদেশ আইন অমান্য করে গৃহনির্মাণকারীদের জন্য একটি বার্তা দিয়েছে। এখন রাজউক চাইলে যখন ইচ্ছা পার্কটির অবৈধ অংশ ভাঙতে পারে। যমুনার আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। পরবর্তী পদক্ষেপ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে যমুনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে যমুনা কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ৫ ফেব্রুয়ারি রাজউক যমুনার অননুমোদিত অংশ ভাঙার কাজ স্থগিত করে।